27 June 2026
কেইনকে ‘কালো জাদু’ থেকে মুক্ত করলেন সেই তান্ত্রিক

ঘানার বিপক্ষে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের নিষ্প্রভ পারফরম্যান্সের পর তার ওপর ‘কালো জাদু’ প্রয়োগের দাবি করে আলোচনায় এসেছিলেন ঘানার আধ্যাত্মিক সাধক নানা কওয়াসু বোনসাম। তবে এবার তিনি সেই অবস্থান থেকে সরে এসে দাবি করেছেন, কেইনের ওপর আর কোনো ‘অভিশাপ’ নেই।
একই সঙ্গে তিনি ভবিষ্যদ্বাণী করেছেন, গ্রুপ পর্বের শেষ ম্যাচে পানামার বিপক্ষে গোল করবেন ইংল্যান্ডের এই তারকা ফরোয়ার্ড।
দুর্দান্ত ফর্ম নিয়েই বিশ্বকাপ মিশন শুরু করেছিলেন হ্যারি কেইন। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করে দারুণ সূচনা করেন তিনি। তবে দ্বিতীয় ম্যাচে ঘানার বিপক্ষে পুরোপুরি ছন্দহীন ছিলেন ইংল্যান্ড অধিনায়ক। পুরো ম্যাচে উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে না পারা কেইন একটি ভালো সুযোগ পেলেও সেটি ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে দেন।
এরপর কেইনের এমন পারফরম্যান্সের কারণ হিসেবে নিজের ‘কালো জাদু’র কথা উল্লেখ করেছিলেন নানা কওয়াসু বোনসাম। তবে ইংল্যান্ড ও ঘানার মধ্যকার গোলশূন্য ড্রয়ের পর তিনি দাবি করেন, এখন তিনি কেইনের ওপর থেকে সব ধরনের অভিশাপ তুলে নিয়েছেন।
বোনসাম বলেন, “আমি বিশ্বের সবচেয়ে শক্তিশালী আধ্যাত্মিক সাধক। এখন আমি হ্যারি কেইনকে মুক্ত করে দিচ্ছি, যাতে ইংল্যান্ডের পরবর্তী ম্যাচে সে গোল করতে পারে।”
তিনি আরও বলেন, “হ্যারি কেইন আমার শত্রু নয়। আমি তার কোনো বড় ক্ষতি করতে চাইনি। আমি শুধু আমার দেশের উপকার করার চেষ্টা করেছি। আমার একটি ছেলে সন্তান আছে, তার নাম আমি হ্যারি কেইন রাখব। কারণ, আমি দীর্ঘদিন ধরেই কেইনের খেলার ভক্ত।”
এর আগেও নানা কওয়াসু বোনসাম এমন বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছিলেন। ২০১৪ বিশ্বকাপের আগে ক্রিস্টিয়ানো রোনালদোর হাঁটুর চোটের পেছনেও নিজের জাদুটোনার ভূমিকা ছিল বলে দাবি করেছিলেন তিনি।
