মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Wednesday, 29 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
30 June 2026
অন্যান্য

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে ২ কলেজের নামকরণ

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের দুটি বেসরকারি কলেজের নামকরণের অনুমোদন দিয়েছে সরকার । পাশাপাশি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে আরও তিনটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের অনুমতি দেওয়া হয়েছে।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ-৬ শাখা থেকে এ-সংক্রান্ত চিঠি জারি করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়।

জারি করা চিঠি অনুযায়ী, পিরোজপুরের নাজিরপুর উপজেলার ‘নাজিরপুর কলেজ’-এর নতুন নাম হবে ‘শহীদ জিয়া কলেজ, নাজিরপুর, পিরোজপুর’। একইভাবে ভোলার চরফ্যাশনের ‘জনতা বাজার কলেজ’-এর নাম পরিবর্তন করে ‘জনতা বাজার শহীদ জিয়াউর রহমান কলেজ, চরফ্যাশন, ভোলা’ রাখা হয়েছে।

এ ছাড়া পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ‘মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজ’-এর নাম পরিবর্তন করে ‘সৈয়দ সঈদউদ্দীন ডিগ্রি কলেজ, মাধবপুর, হবিগঞ্জ’ রাখার অনুমতি দেওয়া হয়েছে।

একই দিনে জারি করা আরেকটি প্রজ্ঞাপনে কিশোরগঞ্জের কটিয়াদীর ‘আয়েশা ছিদ্দিক মহিলা কলেজ’-এর নাম পরিবর্তন করে ‘আয়েশা ছিদ্দিক মডেল কলেজ’ রাখার অনুমোদন দেওয়া হয়।

চিঠিগুলোতে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট বেসরকারি কলেজগুলোর নাম পরিবর্তনের অনুমতি যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে প্রদান করা হয়েছে। এসব চিঠিতে সই করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ-৬ শাখার সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম।