30 June 2026
কসবামাজাইল- বাগলী বিজ্র সংলগ্ন স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন

রাজবাড়ীর পাংশা উপজেলার বাগলী- কসবামাজাইল ব্রিজ সংলগ্ন এলাকায় স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুন) বিকেলে সরিষা, কসবামাজাইল, পাট্টা ও কলিমহর ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে দক্ষিণাঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জন নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানান।
বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগে কসবামাজাইল এলাকায় একটি অস্থায়ী পুলিশ ফাঁড়ি কার্যক্রম পরিচালনা করলেও পরবর্তীতে সেটি প্রত্যাহার করা হয়।
এরপর থেকে এলাকায় ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই উত্তেজনা ও অশান্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বেড়েছে।
তারা আরও বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের জানমাল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কসবামাজাইল এলাকায় দ্রুত একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন অত্যন্ত জরুরি।
এ সময় এলাকাবাসী প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ হারুনের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন পাংশা উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মো: হাফিজুর রহমান মন্ডল, ইউপি সদস্য ও যুবদল নেতা রাকিবুল ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম, আলমগীর হোসেন প্রমুখ।
