মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Wednesday, 01 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
30 June 2026
অন্যান্য

যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি, স্ট্যাচু অব লিবার্টিতে ফ্রান্সের নজরকাড়া আলোক প্রদর্শনী

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নিউইয়র্কের ঐতিহাসিক স্ট্যাচু অব লিবার্টিকে ঘিরে বিশেষ আলোক প্রদর্শনীর আয়োজন করছে ফ্রান্স। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও ঐতিহাসিক সম্পর্ককে নতুনভাবে তুলে ধরতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) নিউইয়র্কে অবস্থিত ফরাসি কনস্যুলেট এক বিবৃতিতে জানায়, স্ট্যাচু অব লিবার্টিকে এমনভাবে আলোকসজ্জা ও ভিজ্যুয়াল উপস্থাপনায় সাজানো হবে, যা এর আগে কখনও জনসাধারণের সামনে প্রদর্শিত হয়নি। এই শিল্পনির্ভর আলোক প্রদর্শনীর মাধ্যমে স্বাধীনতা, গণতন্ত্র এবং দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বের প্রতীক হিসেবে স্ট্যাচু অব লিবার্টির আবেগঘন গুরুত্ব আরও উজ্জ্বলভাবে তুলে ধরা হবে।

বিশেষ এই প্রদর্শনী আগেই ধারণ করে রাখা হবে। এরপর আগামী ৪ জুলাই, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষেন এবিসি নেটওয়ার্কের ২৫ ঘণ্টাব্যাপী বিশেষ সম্প্রচারের উদ্বোধনী পর্বেই এটি প্রচার করা হবে। ফলে বিশ্বের কোটি কোটি দর্শক এই অনন্য আলোকসজ্জা উপভোগ করার সুযোগ পাবেন।

নিউইয়র্কে ফ্রান্সের কনসাল সেডরিক ফুরসিকো বলেন, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের বন্ধুত্বের ইতিহাস প্রায় আড়াই শতাব্দীর। সময়ের সঙ্গে সঙ্গে এই সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। সেই ঐতিহাসিক বন্ধুত্বকে সম্মান জানাতেই এই বিশেষ আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ১৮৮৬ সালে ফ্রান্স যুক্তরাষ্ট্রকে বন্ধুত্বের নিদর্শন হিসেবে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয়। নিউইয়র্ক বন্দরের লিবার্টি আইল্যান্ডে অবস্থিত এই ভাস্কর্য বর্তমানে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা, আশা ও গণতন্ত্রের অন্যতম শক্তিশালী প্রতীক এবং বিশ্বের সবচেয়ে পরিচিত স্থাপনাগুলোর একটি।

আগামী বছরের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের নানা কর্মসূচির অংশ হিসেবে এই আলোক প্রদর্শনীকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টদের আশা, এটি শুধু একটি ভিজ্যুয়াল প্রদর্শনী নয়, বরং যুক্তরাষ্ট্র-ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্ব ও যৌথ ইতিহাসের এক স্মরণীয় উদযাপন হয়ে থাকবে।