30 June 2026
ভূরুঙ্গামারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১০ কেজি জিআর চাল বিতরণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১০ কেজি করে জেনারেল রিলিফ (জিআর) চাল বিতরণ করা হয়।
মঙ্গলবার (৩০ জুন) দিন ব্যাপী উপজেলার ৮ টি ইউনিয়নে বন্যায় আক্রান্ত প্রায় ৩ হাজার পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, টানা ভারী বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার দুধকুমার নদের পানি বিপদসীমা অতিক্রম করে দুকুল উপচিয়ে নদী অববাহিকার চর ও ডুবোচরে পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।
দুধকুমার নদীর অববাহিকার তিলাই ইউনিয়নের দক্ষিণ তিলাই ও দক্ষিণছাট গোপালপুর, পাইকেরছড়া ইউনিয়নের ছিটপাইকের ছড়া ও পাইক ডাঙ্গা, সোনাহাট ইউনিয়নের চরবলদিয়া, চর শতিপুরি, চর- ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর ও আন্ধারিঝাড় ইউনিয়নের চর বাড়ুইটারী, চরধাউরারখুটিসহ, শিলখুড়ি ও বলদিয়া ইউনিয়নের বেশকিছু চরাঞ্চল প্লাবিত হয়। এতে উপজেলার ৮ টি ইউনিয়নের প্রায় ৩ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে।
উপজেলা ত্রাণ ও দূর্যোগ শাখা জানায়, বন্যায় জরুরি ত্রাণ সহায়তা হিসেবে ৩০ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে। উক্ত চাল উপজেলার শিলখুড়ি ইউনিয়নে ৫.৫ টন,তিলাই ইউনিয়নে ৪ টন, পাইকেরছড়া ইউনিয়নে ৪ টন, চর ভূরুঙ্গামারী ইউনিয়নে ৪ টন, আন্ধারিঝাড় ইউনিয়নে ৫ টন, বলদিয়া ইউনিয়নে ১.৫ টন, বঙ্গ সোনাহাট ইউনিয়নে ৩ টন এবং ভূরুঙ্গামারী সদর ইউনিয়নে ৩ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পাইকেরছড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, পাইকডাঙ্গা ও ছিট পাইকের ছড়া গ্রামের চার শতাধিক পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান জানান, আমার ইউনিয়নের ৪ ওয়ার্ডের চার শতাধিক পানিবন্দী পরিবারের মাঝে ত্রাণের চাল বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ জানালেন, বন্যার পানি কমতে শুরু করেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত দুধকুমার নদের পানি বিপদ সীমার উপরে প্রবাহিত হয়েছে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগণের মাধ্যমে জিআর এর চাল বিতরণ করা হয়েছে। বন্যা মোকাবেলায় উপজেলা প্রশাসনের পূর্ণ প্রস্তুতি রয়েছে।
