মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Sunday, 26 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
01 July 2026
অন্যান্য

৪০ বছর পর ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে মেক্সিকো

বৈরী আবহাওয়ার কারণে প্রায় এক ঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় মেক্সিকো। প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেয় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে দীর্ঘ ৪০ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জয়ের স্বাদ পেল মেক্সিকো।

বুধবার (১ জুলাই) আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে জয় তুলে নেয় হাভিয়ের আগুয়েরের দল। মেক্সিকোর হয়ে হুলিয়ান কিনিওনেস ও রাউল হিমেনেস একটি করে গোল করে দলের জয় নিশ্চিত করেন।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মেক্সিকো। তবে প্রথম গোল আসে ২২তম মিনিটে। নিজেদের অর্ধ থেকে দ্রুতগতির পাল্টা আক্রমণে সতীর্থের পাস ধরে দুর্দান্ত গতিতে এগিয়ে গিয়ে অফসাইড ট্র্যাপ ভেঙে একক প্রচেষ্টায় ইকুয়েডরের গোলরক্ষককে পরাস্ত করেন হুলিয়ান কিনিওনেস। গোলটি নিয়ে প্রথমে অফসাইডের দাবি উঠলেও রিপ্লেতে দেখা যায়, পাস নেওয়ার সময় তিনি নিজের অর্ধেই ছিলেন। ফলে ভিএআর যাচাইয়ের পর গোলের সিদ্ধান্ত বহাল থাকে।

এরপর ৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে মেক্সিকো। ইকুয়েডরের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে বল কাড়েন রাউল হিমেনেস। বক্সের বাইরে থেকে নিচু শটে জাল খুঁজে নিয়ে দলের লিড বাড়ান তিনি।

দুই গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ইকুয়েডর। জন ইয়েবোয়ার জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে। কেন্ড্রি পায়েস ও মইসেস কাইসেদো কয়েকটি আক্রমণ গড়ে তুললেও মেক্সিকোর সংগঠিত রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা।

এই জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে মেক্সিকো। আগামী ৬ জুলাই ইংল্যান্ড ও ডিআর কঙ্গোর মধ্যকার ম্যাচের জয়ী দলের বিপক্ষে মুখোমুখি হবে স্বাগতিকরা।