মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Sunday, 26 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
01 July 2026
অন্যান্য

প্রাইভেটে যাওয়ার কথা বলে একসঙ্গে নিখোঁজ ৪ ছাত্রী

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে প্রাইভেটে পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর একসঙ্গে চার শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার ঘটনায় তোলপাড় চলছে। এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডি সূত্রে জানা যায়, উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর এলাকার বাসিন্দা মানিক চন্দ্রের মেয়ে দশম শ্রেণীর ছাত্রী শ্রীমতি খুশি গত ৩০ জুন সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে প্রাইভেটে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরে বিদ্যালয় ছুটির সময় পার হলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে তারা জানতে পারেন, একই এলাকার আরও তিন শিক্ষার্থী—বাঙ্কু দেবনাথের মেয়ে শ্রীমতি মলিকা, রমেশ দেবনাথের মেয়ে রিতু দেবনাথ, এবং আকালু দেবনাথের মেয়ে সেজুতি রানী দেবনাথ একই সময়ের মধ্যে নিজ নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ রয়েছে।

তারা সবাই সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। খুশি, মলিকা ও রিতু দশম শ্রেণির এবং সেজুতি রানী দেবনাথ অষ্টম শ্রেণির ছাত্রী। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাদের সন্ধান পাননি।

নিখোঁজ রিতু দেবনাথের বাবা রমেশ দেবনাথ বলেন, ধারণা করা হচ্ছে ৪ শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। নিখোঁজ চার ছাত্রীর অবস্থান সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে দ্রুত বালিয়াডাঙ্গী থানা অথবা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন স্বজনরা।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন,, নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারের চেষ্টা চলছে। সাধারণ ডায়েরির ভিত্তিতে নিখোঁজ চার ছাত্রীর সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাদের উদ্ধারে পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করছে।