01 July 2026
কাপুর পরিবারে প্রথমবারেই দশম শ্রেণি পাস শুধু রণবীর

বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর অভিনয়ের পাশাপাশি তার রসবোধের জন্যও পরিচিত। এক সাক্ষাৎকারে নিজের শিক্ষাজীবন নিয়ে এমন একটি মজার ঘটনা শেয়ার করেছিলেন, যা দীর্ঘদিন ধরেই ভক্তদের মধ্যে আলোচনার বিষয়। তার দাবি, কাপুর পরিবারের পুরুষ সদস্যদের মধ্যে তিনিই নাকি সবচেয়ে বেশি পড়াশোনা করেছেন।
জনপ্রিয় টক শো কফি উইথ করণ-এ রণবীর জানান, দশম শ্রেণির পরীক্ষার ফল প্রকাশের সময় তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। সে সময় বাবা ঋষি কাপুর পরিচালিত আ অব লওট চলে চলচ্চিত্রের কাজে সহায়তা করছিলেন। অন্যদিকে, মা নীতু কাপুর স্কুল থেকে তার পরীক্ষার ফল সংগ্রহ করতে গিয়েছিলেন।
রণবীরের ভাষ্য অনুযায়ী, ফল প্রকাশের দিন তার বন্ধু আয়েশা ফোন করে নীতু কাপুরকে জানান যে তিনি ৫৪.৩ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন। খবরটি শুনে নীতু কাপুর আনন্দে আত্মহারা হয়ে পড়েন।
অভিনেতা জানান, তার এই সাফল্য উদ্যাপন করতে পরিবারে বিশেষ পার্টির আয়োজন করা হয়েছিল। কারণ কাপুর পরিবারের ছেলেদের মধ্যে তিনিই প্রথম, যিনি একবারেই দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হন।
অনুষ্ঠানে সঞ্চালক করণ জোহর প্রশ্ন করেন, "কাপুর পরিবারের প্রথম ছেলে হিসেবে কি তুমিই একবারেই দশম শ্রেণির পরীক্ষা পাস করেছিলে?" জবাবে রণবীর হেসে বলেন, "হ্যাঁ। আমার জন্য বড় করে পার্টির আয়োজন করা হয়েছিল।
আমার ঠাকুরমার চোখেও আনন্দের অশ্রু এসেছিল। কারণ এর আগে কাপুর পরিবারের কোনো ছেলে একবারেই দশম শ্রেণির পরীক্ষায় পাস করতে পারেনি। তাই মজা করেই বলি, আমিই আমাদের পরিবারের সবচেয়ে শিক্ষিত সদস্য।"
উল্লেখ্য, খুব শিগগিরই সঞ্জয় লীলা বানশালির বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র লাভ অ্যান্ড ওয়ার-এ আলিয়া ভাট ও ভিকি কৌশলের সঙ্গে পর্দা ভাগ করবেন রণবীর কাপুর। পাশাপাশি নীতেশ তিওয়ারির উচ্চাভিলাষী প্রজেক্ট রামায়ণ-এ তাকে দেখা যাবে ভগবান রামের চরিত্রে।
চলচ্চিত্রটিতে সীতা চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী, রাবণের ভূমিকায় যশ, হনুমানের চরিত্রে সানি দেওল এবং লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে। দুই পর্বে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই সিনেমার।
