03 July 2026
সরিষাবাড়ী হাসপাতালের মালামাল বিক্রির সময় ব্যবসায়ী আটক

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন মালামাল গোপনে নামমাত্র মূল্যে বিক্রির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যার সময় কাঠের দরজা, লোহার জানালা, পুরাতন টিন, পুরাতন আসবাবপত্র বিক্রির সময় স্থানীয় এলাকাবাসী দুই ভ্যানসহ ভাঙ্গারি ব্যবসায়ী কার্তিককে আটক করেন। সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিসিল আটককৃত মালামাল ও ক্রেতাসহ জব্দ করে সরিষাবাড়ী থানায় হস্তান্তর করেন।
ভাঙ্গারি ব্যবসায়ী কার্তিক জানান, তিনি সমুদয় মালামাল ২৬ হাজার টাকায় কিনেছেন। স্থানীয় জনতা দাবি করেছেন, বিক্রির ঘটনার সঙ্গে হাসপাতালের টিএইচও ডাঃ দেবাশীষ রাজবংশীর প্রতিনিধি মমিনুল ইসলাম মমিন ও নৈশপ্রহরী জড়িত রয়েছেন। কেনাবেচার ঘটনায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে শুক্রবার (৩ জুলাই) হাসপাতাল কর্তৃপক্ষ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন জানান, উক্ত ঘটনায় সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে অভিযোগ দায়েরের পর আটক ব্যক্তিকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
