মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Saturday, 04 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
03 July 2026
অন্যান্য

খামেনি হত্যার নিন্দা জানাল বাংলাদেশ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর ঘটনায় চার মাস পর আনুষ্ঠানিকভাবে তার হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। এর আগে সরকার খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করলেও হত্যার নিন্দা না জানানোয় সমালোচনার মুখে পড়েছিল।

শুক্রবার (৩ জুলাই) তেহরানে ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ অবস্থান তুলে ধরেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, স্পিকার হাফিজ উদ্দিন ‘মহামান্য’ আয়াতুল্লাহ আলি খামেনির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার ‘নৃশংস হত্যাকাণ্ডের’ নিন্দা জানান। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরানের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের সহমর্মিতা প্রকাশ করেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিজ বাসভবনে নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলার পর ইরানও পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে পাল্টা হামলা চালায়, যা পুরো অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তোলে।

হামলার পর বাংলাদেশের প্রাথমিক প্রতিক্রিয়া নিয়ে ব্যাপক আলোচনা হয়। ১ মার্চ দেওয়া এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিম এশিয়ার দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানালেও ইরানের ওপর হামলা কিংবা খামেনির নিহত হওয়ার প্রসঙ্গ উল্লেখ করেনি। পরে সমালোচনার মুখে ২ মার্চ আরেক বিবৃতিতে খামেনির মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করা হলেও হত্যাকাণ্ডের নিন্দা জানানো হয়নি।

বর্তমান সফরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরান ও বাংলাদেশের মধ্যে কয়েক শতাব্দীর বন্ধুত্ব, সাংস্কৃতিক সম্পর্ক এবং জনগণের পারস্পরিক বন্ধনের কথাও তুলে ধরেন। তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরে ইরানি স্পিকার কলিবফের ভূমিকার প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন, এ চুক্তি পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বয়ে আনবে।

বৈঠকে চলমান শান্তি প্রক্রিয়ার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করে স্পিকার বলেন, সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমেই বিরোধপূর্ণ বিষয়গুলোর টেকসই সমাধান সম্ভব।

রাষ্ট্রীয় শেষকৃত্যে অংশ নিতে বৃহস্পতিবার তেহরানে পৌঁছান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।

এদিকে খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য উপলক্ষে ইরানে ছয় দিনের কর্মসূচি চলছে। শুক্রবার তেহরানের ইমাম খোমেনি মুসাল্লায় তার মরদেহ রাখা হয় এবং শনিবার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তেহরান সফররত বিভিন্ন বাংলাদেশি রাজনৈতিক দলের প্রতিনিধিরাও শুক্রবার খামেনির কফিনের সামনে গিয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন।