মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Monday, 27 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
04 July 2026
অন্যান্য

বেতন ছাড়াও ১ কোটি টাকা ‘বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন আযমী

গত ১৭ বছরে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীতে বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার কর্মকর্তাদের স্বাভাবিক অবসর এবং ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ লক্ষ্যে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে অবসরপ্রাপ্ত, অপসারিত ও অব্যাহতিপ্রাপ্ত ১৫০ জন সামরিক কর্মকর্তাকে বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সুবিধাভোগীদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে এবং সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী। তাকে বকেয়া বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধার পাশাপাশি বিশেষ আর্থিক প্রণোদনা হিসেবে ১ কোটি টাকা দেওয়া হবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, বৈষম্যের শিকার হিসেবে চিহ্নিত ১৫০ কর্মকর্তার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ১১৫ জন, নৌবাহিনীর ২১ জন এবং বিমানবাহিনীর ১৪ জন রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরখাস্ত বা বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের স্বাভাবিক অবসর অথবা ভূতাপেক্ষ পদোন্নতি প্রদান করা হবে। একই সঙ্গে বিধি অনুযায়ী তাদের বকেয়া বেতন-ভাতা, আর্থিক ও আনুষঙ্গিক সুবিধা দেওয়া হবে। বিশেষ ক্ষেত্রে দেওয়া হবে অতিরিক্ত আর্থিক প্রণোদনাও।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০০৯ সালের ২৪ জুন বাধ্যতামূলক অবসরে পাঠানো আবদুল্লাহিল আমান আযমীকে ২০১১ সালের ২৬ ডিসেম্বর থেকে কার্যকর করে মেজর জেনারেল পদে এবং ২০১৪ সালের ২৬ ডিসেম্বর থেকে কার্যকর করে লেফটেন্যান্ট জেনারেল পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে। পরে বয়সসীমা পূর্ণ হওয়ার ভিত্তিতে তাকে স্বাভাবিক অবসর প্রদান করা হয়েছে।

এ ছাড়া বয়স ও যোগ্যতা বিবেচনায় ভবিষ্যতে তাকে যেকোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পদায়নের সুযোগও রাখা হয়েছে।