04 July 2026
বগুড়ায় ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়ার শেরপুর উপজেলার নাইশিমুল বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ নির্মল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে শেরপুর থানায় একটি মাদক মামলা দায়ের করেছে। শনিবার দুপুরে তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত নির্মল উপজেলার করিমপুর গ্রামের নিখিল চন্দ্রের ছেলে।
শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর উপজেলার নাইশিমুল বাজার এলাকায় র্যাব-১২ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে সঙ্গী ফোর্সের সহায়তায় তাঁকে আটক করা হয়।পরবর্তীতে আটককৃত ব্যক্তির কাছে থাকা একটি হলুদ রঙের শপিং ব্যাগ তল্লাশি করে নীল রঙের পলিথিনে হলুদ কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৪ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
