04 July 2026
ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, ছিটকে গেলেন বড় তারকা

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের লড়াই ঘিরে তুঙ্গে ভক্তদের উন্মাদনা। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় ধাক্কা খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে নরওয়ের বিপক্ষে মাঠে নামতে পারবেন না ব্রাজিলের তারকা মিডফিল্ডার লুকাস পাকেতা। এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
আগামীকাল রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় নিউইয়র্কের নিউজার্সিতে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। সেই ম্যাচে মাঝমাঠের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়কে না পাওয়াটা ব্রাজিলের জন্য বড় ক্ষতিই বলে মনে করা হচ্ছে।
পাকেতা কবে মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তবে সিবিএফের একটি সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ব্রাজিল ফাইনালে না পৌঁছালে চলতি বিশ্বকাপে আর মাঠে নামার সম্ভাবনা নেই এই মিডফিল্ডারের।
শেষ ৩২-এর ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ব্রাজিল। ওই ম্যাচে কাসেমিরো ও ব্রুনো গিমারেসের সঙ্গে শুরুর একাদশে ছিলেন পাকেতাও। তবে চোট পাওয়ার পর বিরতির পর আর মাঠে নামতে পারেননি তিনি। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।
পাকেতার অনুপস্থিতিতে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির সামনে রয়েছে একাধিক বিকল্প। মাঝমাঠে দানিলো সান্তোসকে সুযোগ দেওয়া হতে পারে। আবার কৌশলগত পরিবর্তন এনে আরও আক্রমণাত্মক একাদশ গড়তে এন্দ্রিক কিংবা গাব্রিয়েল মার্তিনেল্লিকেও শুরুর একাদশে দেখা যেতে পারে।
অন্যদিকে ঊরুর চোট কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন রাফিনিয়া। হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে থাকা বার্সেলোনা ফরোয়ার্ড বর্তমানে আলাদা করে ফিটনেস অনুশীলন করছেন। দলের একটি সূত্র জানিয়েছে, শারীরিক অবস্থার আরও উন্নতি হলে নরওয়ের বিপক্ষে ম্যাচে তাঁকে বদলি বেঞ্চে রাখা হতে পারে।
