মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Monday, 06 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
05 July 2026
অন্যান্য

'খামেনির জন্য নয়, ৪০ হাজার নিহত ইরানির জন্য শোক করছে দেশ'

নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির দাবি—তেহরানে যা দেখা যাচ্ছে, তা জাতীয় শোক নয়; বরং ক্ষোভের বহিঃপ্রকাশ

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজাকে কেন্দ্র করে লাখো মানুষের উপস্থিতির মধ্যেই ভিন্ন সুর তুলেছেন দেশটির নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। তার দাবি, ইরানের মানুষ খামেনির মৃত্যুতে শোক করছে না; বরং তার শাসনামলে নিহত হাজারো মানুষের জন্য শোক ও ক্ষোভ প্রকাশ করছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে পাহলভি লেখেন, "স্বৈরশাসক আলি খামেনির মৃত্যুতে ইরান শোক করছে না।"

তিনি দাবি করেন, ইরানের মানুষ শোক করছে ৮ ও ৯ জানুয়ারির দমন-পীড়নসহ বিভিন্ন অভিযানে খামেনি, মোহাম্মদ বাকের গালিবাফ এবং বর্তমান শাসকগোষ্ঠীর হাতে নিহত ৪০ হাজারেরও বেশি ইরানি ছেলে-মেয়ের জন্য।

পাহলভির ভাষ্য অনুযায়ী, তেহরানে যে বিশাল আয়োজন দেখা যাচ্ছে, সেটি প্রকৃত অর্থে জাতীয় শোক নয়; বরং জনগণের দীর্ঘদিনের ক্ষোভের প্রতিফলন। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে এই কর্মসূচির আয়োজন করা হলেও বিশ্বের কোনো গণতান্ত্রিক দেশের শীর্ষ নেতা এতে অংশ নেননি।

তিনি আরও বলেন, "আজ তেহরানে যা দেখা যাচ্ছে, তা শোক নয়, ন্যায়বিচারের দাবিতে জমে থাকা ক্ষোভ। এই ক্ষোভ এবং ইরানি জনগণের বীরত্বপূর্ণ প্রতিরোধই শেষ পর্যন্ত বর্তমান শাসনব্যবস্থার পতন ঘটাবে।"

রেজা পাহলভি দীর্ঘদিন ধরেই ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের কট্টর সমালোচক। নির্বাসনে বসবাসরত এই সাবেক যুবরাজ বিভিন্ন সময় আন্তর্জাতিক মহলের প্রতি ইরানের বর্তমান সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে আসছেন।

অন্যদিকে, আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজাকে কেন্দ্র করে তেহরানে লাখো মানুষের সমাগম হয়েছে। বিভিন্ন দেশের প্রতিনিধি ও উচ্চপদস্থ কর্মকর্তারাও শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত দৃশ্যে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি এবং শোক মিছিল দেখা গেছে।

তবে খামেনির জানাজাকে ঘিরে জনসমাগমের ব্যাখ্যা নিয়ে ভিন্নমত রয়েছে। সরকার এটিকে জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে তুলে ধরলেও, বিরোধী নেতারা এটিকে রাষ্ট্রীয় আয়োজনে সংগঠিত সমাবেশ এবং রাজনৈতিক প্রচারণার অংশ বলে দাবি করছেন।

সূত্র: এক্স পোস্ট, আন্তর্জাতিক গণমাধ্যম