05 July 2026
পত্নীতলায় ১০০ লিটার চোলাইমদসহ মাদক কারবারি গ্রেপ্তার

নওগাঁ জেলার পত্নীতলা থানাধীন উজিরপুর মিশন (ভূতপাড়া) এলাকা থেকে ১০০ লিটার চোলাইমদসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫, সিপিসি-৩।
র্যাব-৫ সূত্রে জানা যায়, প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব জঙ্গি, সন্ত্রাসী, মাদক, অস্ত্র, ছিনতাই, প্রতারণাসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত কয়েকদিন ধরে র্যাব-৫, সিপিসি-৩-এর গোয়েন্দা দল মাদক কারবারি অপু কুমার চৌধুরীর (৩২) গতিবিধি পর্যবেক্ষণ করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার উজিরপুর মিশন (ভূতপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। অপু উপজেলার উজিরপুর মিশন মাল্লাপাড়া গ্রামের ছোটকোনের ছেলে। তার দেওয়া তথ্য ও সাক্ষীদের উপস্থিতিতে তার কাছ থেকে ১০০ লিটার অবৈধ চোলাইমদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।
মাদক কারবারি চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, পত্নীতলা থানা পুলিশ একই দিনে মাদকবিরোধী পৃথক অভিযানে অবৈধ মাদক সেবনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে নওগাঁ জেলা কারাগারে পাঠিয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
