05 July 2026
নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফাহিম মাতুব্বর (২৩) ও রফিকুল মাতুব্বর (২৫) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
রোববার (৫ জুলাই) বিকেলে উপজেলার মশাউজান এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বরিশাল থেকে ফরিদপুরগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নগরকান্দাগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক ফাহিম মাতুব্বর নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপর আরোহী রফিকুল মাতুব্বরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফাহিম মাতুব্বর উপজেলার ফুলসূতী ইউনিয়নের চকনাউডুবি গ্রামের জাহিদ মাতুব্বরের ছেলে। রফিকুল মাতুব্বর একই গ্রামের কাউছার মাতুব্বরের ছেলে। তারা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল সামদানী আজাদ বলেন, বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক নিহত হন। আহত অপর আরোহীকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বিডি২৪লাইভকে জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
