মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Wednesday, 08 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
07 July 2026
অন্যান্য

ঢাবি’র অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের জন্য ১০ লাখ টাকার নতুন ট্রাস্ট ফান্ড

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ২য় সেমিস্টারের কয়েকজন অসচ্ছল শিক্ষার্থীকে প্রতিবছর বৃত্তি প্রদানের লক্ষ্যে ‘মাহবুবল হক এবং আনোয়ারা মাহবুব ট্রাস্ট ফান্ড’ শীর্ষক নতুন একটি ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এই ট্রাস্ট ফান্ড গঠনের জন্য দাতাকে ধন্যবাদ জানান। এর মাধ্যমে অসচ্ছল শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অ্যালামনাইদের সম্পর্ক আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করেন এবং অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসার জন্য অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান।

এসময় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নাছিমা খাতুন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ এবং জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রয়াত মাহবুবল হক একজন বিশিষ্ট শিক্ষানুরাগী, দক্ষ সংগঠক ও খ্যাতিমান সাংবাদিক ছিলেন। মহান ভাষা আন্দেলন-সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তিনি অংশগ্রহণ করেন। যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে তিনি ১৯৫৪ সালের পূর্ববঙ্গ আইনসভা নির্বাচনে অংশ নেন। ১৯৬২ সালে পাকিস্তান জাতীয় পরিষদে তিনি সদস্য নির্বাচিত হন। ১৯৭৪ সালে ৫১ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। মাহবুবল হক এবং আনোয়ারা মাহবুব দম্পতির ৪ কন্যার মধ্যে ৩ জন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ১ জন বুয়েটের অ্যালামনাই। তাঁরা সমাজের নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করেছেন।