মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Wednesday, 08 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
07 July 2026
অন্যান্য

১৩ জুলাই বরিশাল সফর করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র ক্ষমতা গ্রহণের ৪ মাসের মাথায় প্রথমবারের মত বরিশাল বিভাগীয় সদরে সরকারি সফরে আসছেন ১৩ জুলাই।

ঐদিন বরিশাল পৌঁছে মহানগরীর পাশে বহমান কির্তনখোলা নদীর অপর পাড়ে চরকাউয়া এলাকায় সদ্য পুণঃ খননকৃত একটি খালের দু ধারে বৃক্ষ রোপন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরেই বরিশালের বিভাগ ও জেলা প্রশাসনের কাছে এ ব্যাপারে সরকারী নির্দেশনা এসেছে বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরের পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গনমাধ্যম কর্মীদের সাথে পূর্ব নির্ধারিত এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার সাংবাদিকদের এ তথ্য জানান।

গত ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পরে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে প্রথমবারের মত তারেক রহমান বরিশাল বিভাগীয় সদরে আসছেন। এর আগে নির্বাচনী প্রচারণায় তিনি গত ফ্রেুব্রয়ারির প্রথম সপ্তাহে বরিশালের বেলপার্ক ময়দানে এক বিশাল জনসভায় ভাষণ দিয়েছিলেন।

. ১৯৭৮ সালে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে চরকাউয়া এলাকার এখালটি খনন করেছিলেন। এরপরে দীর্ঘদিন কোন ধরনের সংস্কার না হওয়ায় খালটি মজে গিয়ে এলাকায় ব্যাপক জলাবদ্ধতা তৈরি করছিল।

গত অক্টোবরে বিষয়টি নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশের পরে বরিশালের তৎকালীন জেলার প্রশাসক মোঃ দেলওয়ার হোসেন সরেজমিনে মজে যাওয়া খালটি পরিদর্শন করে বিএডিসি’র একটি প্রকল্পের আওতায় পুণঃ খননের নির্দেশ দেন। প্রায় ২ হাজার ৭শ মিটার দৈর্ঘ এবং ১০ মিটার প্রস্থ ও ৩ মিটার গভীর এ খালটি খনন করতে গিয়ে প্রায় ১২ লাখ ঘন মিটার পলি ও মাটি অপসারন করতে হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান ১৩ জুলাই বরিশাল সফরকালে সদ্য পুণঃ খননকৃত খালটি পরিদর্শন সহ এর দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।