07 July 2026
বিএনপির সাফল্যে ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্র করছে ‘৭১-২৪-এর গণহত্যাকারী গোষ্ঠী’

‘৭১-২৪-এর গণহত্যাকারী গোষ্ঠী বিএনপির সাফল্যে ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্র করছে। কিন্তু জনগণের দল হিসেবে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রীর উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
মঙ্গলবার দুপুরে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) প্রাঙ্গণে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ সুরক্ষাকে দীর্ঘদিন ধরেই অগ্রাধিকার দিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় ‘পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচিকে তিনি সরকারের একটি অনন্য ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান যেভাবে দূরদর্শী নেতৃত্ব দিয়ে দেশ গড়েছিলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও দেশকে এগিয়ে নিতে সাহসী ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করছেন। তিনি দাবি করেন, বর্তমান সরকার মাত্র চার মাসে যে কাজ করেছে, পূর্ববর্তী সরকার দীর্ঘ ১৭ বছরেও সেসব উদ্যোগ গ্রহণ করতে পারেনি।
বিগত সরকারের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, বন উজাড়, বন বিভাগের জমি দখল এবং পরিবেশের অপূরণীয় ক্ষতির প্রেক্ষাপট থেকেই বর্তমান সরকার বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে।
এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন।
এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আব্দুল লতিফ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) মহাপরিচালক ড. শাকিলা ফারুক।
