মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Thursday, 09 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
08 July 2026
অন্যান্য

সৌরভ গাঙ্গুলীর বায়োপিক ‘দাদা’র ফার্স্ট লুক প্রকাশ, মুগ্ধ ভক্তরা

ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর জীবন নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত বায়োপিক ‘দাদা: দ্য সৌরভ গাঙ্গুলী স্টোরি’-এর ফার্স্ট লুক প্রকাশ করেছেন নির্মাতারা। সৌরভের জন্মদিন উপলক্ষে প্রকাশিত পোস্টারে প্রথমবারের মতো তার চরিত্রে দেখা গেছে জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাওকে। পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

ফার্স্ট লুকে ফুটিয়ে তোলা হয়েছে ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত। ২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর লর্ডসের ঐতিহাসিক ব্যালকনিতে জার্সি খুলে উদযাপন করেছিলেন সৌরভ গাঙ্গুলী। সেই আইকনিক দৃশ্যকেই নতুনভাবে পর্দায় তুলে ধরেছেন রাজকুমার রাও। তার লুক, শরীরী ভাষা এবং উদযাপনের ভঙ্গি দেখে অনেকেই বলছেন, চরিত্রটির জন্য দারুণ প্রস্তুতি নিয়েছেন এই অভিনেতা।

পোস্টারটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেছেন সৌরভ গাঙ্গুলী। সেখানে তিনি লিখেছেন, "আমার জীবনের সেরা উপহার। তুমি (রাজকুমার) আমার কাভার ড্রাইভ কীভাবে খেলো, সেটা দেখার অপেক্ষায় আছি।" পোস্টারে আরও একটি বিশেষ বার্তা রয়েছে "তিনি শুধু খেলাটাই খেলেননি, বদলে দিয়েছেন খেলাটাকেই।"

ফার্স্ট লুকের পাশাপাশি ছবিটির মুক্তির তারিখও ঘোষণা করা হয়েছে। ২০২৭ সালের ১৪ মে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বায়োগ্রাফিক্যাল ড্রামাটি। দীর্ঘ ছুটির সপ্তাহান্তকে লক্ষ্য করেই মুক্তির এই তারিখ নির্ধারণ করেছেন নির্মাতারা।

পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানের নির্মাণে ছবিটিতে সৌরভ গাঙ্গুলীর ক্রিকেট ও ব্যক্তিজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরা হবে। কলকাতার বেহালার এক তরুণ ক্রিকেটার থেকে ভারতীয় দলের অধিনায়ক হয়ে ওঠা, বিদেশের মাটিতে ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া, দল গঠনে তার সাহসী নেতৃত্ব এবং আন্তর্জাতিক ক্রিকেটে তার রেখে যাওয়া প্রভাব সবই থাকবে এই সিনেমার মূল গল্পে।

রাজকুমার রাও ছাড়াও ছবিতে অভিনয় করছেন তানিয়া মানিকতলা, শাশ্বত চ্যাটার্জি, অপরাজিতা আঢ্যসহ আরও অনেক তারকা।

উল্লেখ্য, সৌরভ গাঙ্গুলী ১৯৯২ থেকে ২০০৮ সাল পর্যন্ত ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে তার সংগ্রহ ১৮ হাজার ৫৭৫ রান এবং আন্তর্জাতিক ক্যারিয়ারে রয়েছে ৩৮টি সেঞ্চুরি। ভারতীয় ক্রিকেটকে নতুন মানসিকতা ও আগ্রাসী নেতৃত্ব উপহার দেওয়ার জন্য আজও তিনি ক্রিকেটপ্রেমীদের কাছে ‘দাদা’ হিসেবেই সমান জনপ্রিয়।

ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই ছবিটির টিজার, ট্রেলার এবং অন্যান্য চরিত্রের ঝলক দেখার অপেক্ষায় রয়েছেন সৌরভ গাঙ্গুলী ও রাজকুমার রাও দুজনেরই ভক্তরা।