মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Thursday, 09 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
08 July 2026
অন্যান্য

রোহিঙ্গা ক্যাম্পে আবারো পাহাড়ধস: নিহত বেড়ে শিক্ষকসহ ৮

টানা অতিবৃষ্টির কারণে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৫ এ একটি মাদ্রাসার ওপর পাহাড়ধসের ঘটনায় শিক্ষকসহ আটজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সাতজন শিক্ষার্থী এবং একজন শিক্ষক রয়েছেন।

এ ঘটনায় মোট ১৪ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে আটজন মারা যান এবং আহত পাঁচজনকে ক্যাম্পের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (৮ জুলাই) বেলা ৩টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৫-এর ব্লক এ-৭/৩ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাহাড়ধসের পর উদ্ধার অভিযানে মোট ১৪ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজন মারা যান। নিহত আটজনের মধ্যে সাতজন শিক্ষার্থী এবং একজন শিক্ষক।

আহত পাঁচজনকে ক্যাম্প-৩-এর জিকে (GK) হাসপাতাল, ক্যাম্প-৫-এর ফ্রেন্ডশিপ হাসপাতাল এবং ক্যাম্প-৬-এর আইআরসি (IRC) হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের নেতৃত্বে এবং সিসিসিএম (CCCM) স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় পরিচালিত উদ্ধার অভিযান শেষ হয়েছে। ঘটনাস্থলে এপিবিএন (APBN) সদস্যরা উপস্থিত ছিলেন এবং পুরো উদ্ধার কার্যক্রম তদারকি করেন আরআরআরসি (RRRC) কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শী রোহিঙ্গা মোহাম্মদ সাদেক জানান, ঘটনাস্থলে মেয়েদের একটি মাদ্রাসা এবং তার ওপরে একটি মক্তব ছিল। মাটি ভরাট করে মাদ্রাসাটি নির্মাণ করা হয়েছিল। টানা বৃষ্টিতে পাহাড়ের ঢাল ধসে মাদ্রাসাটির ওপর পড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এর আগে সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে উখিয়ার তিনটি পৃথক রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় আরও আটজন নিহত হন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “মানবিক সংকটের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগও এখন রোহিঙ্গা ক্যাম্পের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী রোহিঙ্গাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে।”