মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Thursday, 09 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
08 July 2026
অন্যান্য

কুমিল্লায় লরির ধাক্কায় সিএনজি পুকুরে, নিহত ২

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিয়ে পুকুরে পড়ে যায় একটি লরি। এতে সিএনজি অটোরিকশার চালকসহ দু'জন নিহত এবং এক যাত্রী গুরুতর আহত হন।

বুধবার দুপুর আড়াইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহত সিএনজি অটোরিকশা চালক হানিফ মিয়া (৩৫) কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার পাঁচকিত্তা গ্রামের আব্দুল মান্নানের ছেলে এবং নিহত সিএনজি অটোরিকশার যাত্রী লাবিব হোসেন (১৫) একই জেলার দেবীদ্বার উপজেলার দাঁড়িয়াপুর গ্রামের মনির হোসেনের ছেলে।

আহত সজীব হোসেন (২৪) দেবীদ্বার উপজেলার দাঁড়িয়াপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি নিহত লাবিবের মামাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বৃষ্টির মধ্যে মাধাইয়া থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশাটি নূরীতলা এলাকায় পৌঁছালে পিছন থেকে চট্টগ্রামমুখী একটি লরি ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশাসহ লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। স্থানীয়রা সিএনজিতে আটকে থাকা চালক ও যাত্রীদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সেখানে আহতদের অবস্থার অবনতি হলে কুমিল্লার বিভিন্ন হাসপাতালে নেওয়ার পর সিএনজি চালক হানিফ ও যাত্রী লাবিবের মৃত্যু ঘটে। নিহতদের নিকটাত্মীয়রা বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে হাসপাতালে মৃত্যুর পর তাদের মরদেহ বাড়িতে আনা হয়েছে।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাকির হোসেন সিকদার জানান, দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আমরা আহত তিনজনকে হাসপাতালে পাঠাই। তবে নিহতের কোনো তথ্য আমার কাছে নেই। আমরা খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।