মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Thursday, 09 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
09 July 2026
অন্যান্য

পঞ্চগড়ে কৃষি ব্যাংকে সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় তদন্ত কমিটি

পঞ্চগড়ে সাংবাদিককে ব্যাংকের ভেতরে অবরুদ্ধ, লাঞ্ছিত ও তথ্য সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের হাড়িভাষা ইউনিয়ন শাখার সেকেন্ড অফিসার ফরিদুল ইসলামের বিরুদ্ধে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। এরপর অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়। গঠিত তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার (৭ জুলাই) পঞ্চগড়ের হাড়িভাষা ইউনিয়ন শাখায় কিডনি রোগীর অনুদানের চেকের অর্থ ১০ দিনেও উত্তোলন না হওয়ার কারণ জানতে গিয়ে পঞ্চগড় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার সাজ্জাদুর রহমান সাজ্জাদকে ব্যাংকের ভেতরে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখা, ভিডিও ধারণে বাধা দেওয়া, ভয়ভীতি প্রদর্শন ও লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, পঞ্চগড় অঞ্চলের জোনাল ম্যানেজার শেখ মুক্তারুজ্জামান বলেন, ঘটনার গুরুত্ব বিবেচনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যাংকের বিধি অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, তদন্তে নিরপেক্ষতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ এবং ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হবে।

এদিকে, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে স্থানীয় সাংবাদিকরা বলেছেন, শুধু তদন্ত করলেই হবে না, অভিযোগ প্রমাণিত হলে দায়ী কর্মকর্তার বিরুদ্ধে দৃশ্যমান ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে কোনো সংবাদকর্মী যেন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এমন ঘটনার শিকার না হন, সে বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।