09 July 2026
টানা বৃষ্টি আর কতদিন, জানাল আবহাওয়া অফিস

টানা তিন দিনের ভারী বর্ষণে দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে চট্টগ্রাম, পার্বত্য তিন জেলা এবং কয়েকটি এলাকায় অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পাশাপাশি বেড়েছে নদ-নদীর পানি। এমন পরিস্থিতিতে বৃষ্টি আর কতদিন চলবে, সে বিষয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালেও ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহসহ দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি অব্যাহত ছিল।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের আমবাগান স্টেশনে সর্বোচ্চ ৩২৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া কুতুবদিয়ায় ৩০০ মিলিমিটার, চট্টগ্রামে ২৪৯ মিলিমিটার, বান্দরবানে ২৩৫ মিলিমিটার, গোপালগঞ্জে ১৪২ মিলিমিটার, রাঙামাটিতে ১৩০ মিলিমিটার, কক্সবাজারে ১২৫ মিলিমিটার এবং তেঁতুলিয়ায় ১২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সর্বশেষ আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।
ভারী বৃষ্টির আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটি প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় আরও অন্তত দুই দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
তবে কিছুটা স্বস্তির খবরও দিয়েছে সংস্থাটি। পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে জানানো হয়েছে, শুক্রবার ঢাকা, রাজশাহী, চট্টগ্রামসহ কয়েকটি বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও পরবর্তী সময়ে ধীরে ধীরে বৃষ্টির প্রবণতা কমতে পারে।
