09 July 2026
নাটোরে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৩

নাটোরের বড়াইগ্রামে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী। বৃহস্পতিবার বিকেলে নাটোর-পাবনা মহাসড়কের গোপালপুর রাজাপুর সরকারের ঢালান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইজিবাইক চালক রান্টু মিয়া (২৮), তলৈক্ষ্য হালদার (৬০) ও শিপন খান (২৪)। আহতদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপরজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, চারজন যাত্রী নিয়ে ইজিবাইকটি রাজাপুর থেকে গড়মাটি বাজারের দিকে যাচ্ছিল। পথে সরকারের ঢালান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই যাত্রীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বনপাড়া হাইওয়ে থানার ওসি মমিনুজ্জান।
