মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Friday, 10 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
09 July 2026
অন্যান্য

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে হারানোর স্বপ্নে বিভোর সুইজারল্যান্ড

দীর্ঘ ৭২ বছরের অপেক্ষার পর আবারও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। তবে শেষ আটে উঠেই সন্তুষ্ট নয় সুইসরা। তাদের লক্ষ্য এবার বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে আরও এক ধাপ এগিয়ে যাওয়া।

কোয়ার্টার ফাইনালের আগে আত্মবিশ্বাসী কণ্ঠেই নিজেদের লক্ষ্য জানালেন সুইস স্ট্রাইকার ব্রিল এমবোলো। তাঁর মতে, শক্তিশালী প্রতিপক্ষকেও হারানো সম্ভব, যদি দল নিজেদের পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করতে পারে।

এমবোলো বলেন, “মিশর দেখিয়ে দিয়েছে কী করা সম্ভব। ম্যাচের ৭০ মিনিটের পর হয়তো অনেকেই ভেবেছিল তারা জিতবে। কিন্তু আর্জেন্টিনা কখনো হাল ছাড়েনি, আর এটাই তাদের সবচেয়ে বড় শক্তি। তাদের দলে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারও রয়েছে, যা ম্যাচটিকে আরও বিশেষ করে তুলেছে। অবশ্যই আমরা তাদের সম্মান করি। তবে আমরা জানি কীভাবে প্রতিপক্ষকে হারাতে হয়, আর সেই তালিকায় আর্জেন্টিনাও আছে। আমরা জয়ের জন্য ক্ষুধার্ত।”

আক্রমণভাগের আরেক খেলোয়াড় রুবেন ভার্গাসও আর্জেন্টিনার শক্তিমত্তা স্বীকার করলেও বিশ্বাস রাখছেন নিজেদের সামর্থ্যে। তিনি বলেন, “আর্জেন্টিনা কতটা শক্তিশালী, সেটা সবাই জানে। তারা টুর্নামেন্টের অন্যতম ফেবারিট এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। তবে এই প্রতিযোগিতায় যেকোনো কিছুই সম্ভব।”

এদিকে মিডফিল্ডার রেমো ফ্রয়েলারের জন্য ম্যাচটি বাড়তি গুরুত্ব বহন করছে। কারণ, ক্যারিয়ারে এই প্রথম লিওনেল মেসির বিপক্ষে মাঠে নামার সুযোগ পাচ্ছেন তিনি।

ফ্রয়েলার বলেন, “আমি আগে কখনো মেসির বিপক্ষে খেলিনি। তাই এটি নিঃসন্দেহে বিশেষ একটি ম্যাচ হবে। আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলাটা আমরা প্রাপ্য হিসেবেই অর্জন করেছি। কিন্তু শুধু শেষ আটে ওঠাতেই আমরা সন্তুষ্ট নই। জয়ের জন্য মাঠে নিজেদের সর্বস্ব উজাড় করে দেব।”

আগামী ১২ জুলাই কানসাস সিটিতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। জায়গা নিশ্চিত করতে দুই দলই নামবে সর্বোচ্চ লড়াইয়ের প্রত্যয়ে।