মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Monday, 13 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
12 July 2026
অন্যান্য

ইংল্যান্ডের টেস্ট কোচের পদ থেকে বরখাস্ত ব্রেন্ডন ম্যাককালাম

ইংল্যান্ডের টেস্ট কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে ব্রেন্ডন ম্যাককালামকে। এতে শেষ হলো ইংল্যান্ডের বহু প্রচলিত ‘বাজবল’ যুগ। 

ইংল্যান্ড ক্রিকেটে চলমান অস্থিরতার মধ্যে টেস্ট দলের প্রধান কোচের পদ হারালেন ম্যাককালাম। দুই সপ্তাহ আগে অধিনায়ক বেন স্টোকস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ও নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার পর এবার ম্যাককালামের বিদায় ইংল্যান্ডের বহুল আলোচিত ‘বাজবল’ যুগের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটাল।

তবে ম্যাককালাম ইংল্যান্ডের সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) দলের কোচ হিসেবে দায়িত্বে থাকবেন। সাম্প্রতিক সময়ে টেস্টে ধারাবাহিক ব্যর্থতা এবং একাধিক মাঠের বাইরের বিতর্কের পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এই সিদ্ধান্ত নেয়।

বিদায়ের পর ম্যাককালাম বলেন, ‘টেস্ট দলকে কোচিং করানো আমি ভীষণ উপভোগ করেছি এবং আমরা একসঙ্গে যা অর্জন করেছি, তা নিয়ে আমি গর্বিত। অনেক অসাধারণ মুহূর্ত ছিল, আবার কিছু কঠিন সময়ও গেছে। অবশ্যই আমি হতাশ যে দায়িত্ব চালিয়ে যেতে পারছি না, তবে আমি এই সিদ্ধান্তকে সম্মান করি। এখন আমার পুরো মনোযোগ থাকবে সাদা বলের দলগুলোকে আরও এগিয়ে নেওয়ার দিকে।’

ইংল্যান্ড শেষ নয়টি টেস্টের মধ্যে সাতটিতেই হেরেছে। এর মধ্যে অস্ট্রেলিয়ায় অ্যাশেজ হেরেছে ৪-১ ব্যবধানে। পরে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হার ছিল মরার উপর খাঁড়ার ঘা! নিউজিল্যান্ডের কাছে এই হার ছিল ইংল্যান্ডের ১৪ বছরের মধ্যে ঘরের মাঠে অন্তত তিন ম্যাচের সিরিজে প্রথম পরাজয়।

ম্যাককালামের বিদায়ে ইংল্যান্ডের টেস্ট দলের কোচও নেই। নেই অধিনায়কও। আগামী ১৯ আগস্ট পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে নতুন নেতৃত্ব নির্ধারণ করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। টেস্ট অধিনায়ক হিসেবে হ্যারি ব্রুকের নাম সবচেয়ে বেশি আলোচনায় থাকলেও নতুন কোচের নিয়োগের পছন্দ-অপছন্দও গুরুত্ব দেওয়ার কথা শোনা যাচ্ছে।  

২০২২ সালে ম্যাককালাম টেস্ট দলের দায়িত্ব নেওয়ার পর বেন স্টোকসের সঙ্গে মিলে ‘বাজবল’ নামে আক্রমণাত্মক ক্রিকেট দর্শন চালু করেন। তাদের আগমনের আগে ইংল্যান্ড ১৭ টেস্টে মাত্র একটি জয় পেয়েছিল। কিন্তু ম্যাককালাম-স্টোকস যুগের শুরুটা ছিল দুর্দান্ত। নিউজিল্যান্ড, ভারত ও পাকিস্তানের বিপক্ষে স্মরণীয় জয় তুলে নিয়ে প্রথম ১১ টেস্টের মধ্যে ১০টিতেই জিতেছিল ইংল্যান্ড।

তবে সেই সাফল্য দীর্ঘস্থায়ী হয়নি। পরবর্তী ৩৮ টেস্টে ইংল্যান্ড জিতেছে মাত্র ১৭টি এবং হেরেছে ১৯টি। ভারতের বিপক্ষে ২০২৪ সালের সিরিজে ৪-১ ব্যবধানে হার এবং অস্ট্রেলিয়া সফরে পরিকল্পনার অভাব, খারাপ পারফরম্যান্স ও খেলোয়াড়দের আচরণগত বিতর্ক দলকে বড় সংকটে ফেলে দেয়।

এদিকে সাদা বলের ক্রিকেটে ম্যাককালামের অধীনে ইংল্যান্ড ভালো করছে। সম্প্রতি ভারতকে টি-টোয়েন্টি সিরিজে ৪-০ ব্যবধানে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে দুর্দান্ত সাফল্য পেয়েছে ইংল্যান্ড এবং টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষেও উঠে এসেছে দলটি। সাদা বলের দলের সঙ্গে তার চুক্তির মেয়াদ আগামী বছরের দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত রয়েছে।