মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Monday, 10 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
14 July 2026
অন্যান্য

এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করল শিক্ষার্থীরা

টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতসহ তিন দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ ও সড়ক অবরোধের পর এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা ঘেরাওয়ের কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ‘২০২৬ ব্যাচ এইচএসসি পরীক্ষার্থী’ ব্যানারে প্রায় ১৮০ থেকে ২০০ শিক্ষার্থী সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে কর্মসূচি শেষে তারা মিছিল নিয়ে নীলক্ষেত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোরণ গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন।

দুপুর প্রায় ১২টা ৫৫ মিনিটে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের পূর্ব পাশে পৌঁছালে পুলিশ তাদের অগ্রযাত্রায় বাধা দেয়। এ সময় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কিছুক্ষণ অবস্থানের পর শিক্ষার্থীরা পুনরায় তোরণ গেট হয়ে পলাশী মোড়ের দিকে অগ্রসর হয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের দিকে যাওয়ার চেষ্টা করেন।

ঘটনাস্থলে দেখা যায়, শিক্ষার্থীদের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে অবস্থান নেয়। পুলিশের পেছনে ছাত্রদলের ৮০ থেকে ১০০ জন নেতা-কর্মীও অবস্থান করছিলেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আরও উল্লেখযোগ্যসংখ্যক ছাত্রদল নেতা-কর্মীর উপস্থিতি দেখা যায়।

আন্দোলনকারীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ সহ বিভিন্ন স্লোগান দেন। আন্দোলনে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, ঢাকা কমার্স কলেজ, তেজগাঁও কলেজসহ ঢাকা শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।