মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Monday, 10 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
14 July 2026
অন্যান্য

মাদকের টাকা না পেয়ে শিশু সন্তানের সামনে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

গাজীপুরের শ্রীপুরে মাদকের টাকা দিতে অস্বীকৃতি জানানোয় দুই অবুঝ শিশু সন্তানের সামনে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী ছায়েদুল ইসলামকে (৪০) ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-১।

সোমবার (১৪ জুলাই) কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‍্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নেয়ামুল হালিম চৌধুরী।

তিনি বলেনন, গত ১৩ জুলাই ভোর রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে শ্রীপুর পৌরসভা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নাসিমা আক্তার (২৭) নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বনপাড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। তার স্বামী ছায়েদুল ইসলাম ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার গীর্দাপাড়া গ্রামের বাসিন্দা। দম্পতি তাদের এক ছেলে ও এক মেয়েকে নিয়ে শ্রীপুরে ভাড়া বাসায় বসবাস করতেন।

স্বজনদের বরাত দিয়ে র‍্যাব জানায়, ছায়েদুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং নিয়মিত নাসিমার কাছ থেকে নেশার জন্য টাকা চাইতেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো।

র‍্যাব-১ এর অধিনায়ক বলেন, গত ১২ জুলাই নাসিমা পোশাক কারখানা থেকে বেতন পেয়ে বাসায় ফেরেন। রাতে ছায়েদুল তার কাছে তিন হাজার টাকা দাবি করেন। নাসিমা টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে ছায়েদুল ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি আঘাত করেন। ঘটনাস্থলেই নাসিমার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের সময় তাদের ৮ বছর বয়সী মেয়ে ও ৫ বছর বয়সী ছেলে ঘরেই ছিল এবং তাদের সামনেই এ মর্মান্তিক ঘটনা ঘটে।

লে. কর্নেল নেয়ামুল হালিম চৌধুরী আরও বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ছায়েদুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গাজীপুরের শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতার ছায়েদুল ইসলামের বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, তার বিরুদ্ধে পূর্বের কোনো মামলার রেকর্ড নেই। তবে সে নিয়মিত মাদকাসক্ত ছিলেন। স্ত্রীর কাছ থেকে টাকা নিয়ে মাদক গ্রহণ করতেন।