মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Wednesday, 22 July 2026
রাজনীতি
banglabrief.com/
সংস্করণ
03 July 2025
রাজনীতি

গণঅভ্যুত্থানের মতো সংসদেও আমাদের বিজয় হবে : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানে যেভাবে আমাদের বিজয় অর্জিত হয়েছিল ইনশাআল্লাহ ঠিক সেভাবে সংসদেও আমাদের বিজয় অর্জিত হবে।

বৃহস্পতিবার (০৩ জুলাই) বিকেল সাড়ে ৪টায় পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর সদরের বিজয় চত্বরে একটি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় নাহিদ ইসলাম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন থেকে আজকের জাতীয় নাগরিক পার্টি। বাংলাদেশের মানুষের নাগরিক হওয়ার যে লড়াই সেই লড়াইয়ের জন্য আমাদের এই নতুন দল। দলটি নতুন হলেও আমাদের স্বপ্ন বড়। আমরা মানুষের গণঅভ্যুত্থানে যে জীবন দান, রক্ত দান করেছেন তার ঋণ শোধ করতেই এই দল। গ্রামে-গঞ্জে, হাট-বাজারে এনসিপির বার্তা ছড়িয়ে দেবেন, মানুষের কথা শুনবেন। ইনশাআল্লাহ খুব শিগগিরই আমাদের বিজয় আসবে।

তিনি বলেন, এখন দরকার আপনাদের সহযোগিতা, দোয়া ও সমর্থন। আপনাদের যে সমস্যা রয়েছে, যে আশা, আকাঙ্ক্ষা রয়েছে আমরা তার ভিত্তিতে কাজ করতে চাই। জাতীয় নাগরিক পার্টি গণঅভ্যুত্থান থেকে তৈরি হওয়া দল, গণমানুষের দল। আমরা শহর থেকে বের হয়ে গিয়েছি, আমরা উপজেলা, জেলা, গ্ৰাম-গঞ্জে সাধারণ মানুষের সঙ্গে মিশে যাব। আপনাদের দুঃখ-দুর্দশার কথা শুনে তার ভিত্তিতে আমাদের ইশতেহার তৈরি করবো এবং সেই আলোকে আগামীর বাংলাদেশ পুনর্গঠন করবো।

নাহিদ ইসলাম বলেন, আজকে পঞ্চগড়ে এসেছি আগামীকাল ঠাকুরগাঁও যাব, আমরা পর্যায়ক্রমে ৬৪ জেলায় যাব। আমাদের এই কর্মসূচির নাম দেশ গড়তে জুলাই পদযাত্রা। এক বছর পার হয়ে আবার জুলাই মাস আসলো। এই জুলাই মাসে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিল ছাত্ররা। সেই ছাত্রদের আন্দোলনকে সম্মান জানিয়ে বৈষম্যবিহীন বাংলাদেশ গড়তে সারা বাংলাদেশে এই পদযাত্রা চলমান আছে, চলমান থাকবে। কোনো বাঁধা বিপত্তি আমাদের আটকে রাখতে পারবে না।

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় পথসভায় আরও উপস্থিত ছিলেন- দলটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার ও সহকারী মুখ্য সংগঠক রাসেল ইসলাম প্রমুখ।

পথসভা শেষে দেবীগঞ্জ পৌরসভার করতোয়া সেতুর টোল প্লাজা সংলগ্ন এশিয়ান মহাসড়কের পাশে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এসময় তার সঙ্গে দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।