20 June 2026
পঞ্চগড়ে মহিলা দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলার ২৩টি ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠন শক্তিশালীকরণ, তৃণমূল পর্যায়ে রাজনৈতিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি ফ্যামিলি কার্ড, ভিজিডি ও কৃষি প্রণোদনাসহ বিভিন্ন জনকল্যাণমূলক বিষয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল পঞ্চগড় জেলা শাখার আয়োজনে শনিবার (২০ জুন) বিকেলে পঞ্চগড় চেম্বার কনভেনশন হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান্দ বানু মুক্তির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, অ্যাডভোকেট আদম সুফি এবং অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল।
সভায় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত মহিলা দলের নেত্রীরা তাদের বক্তব্যে বলেন, বিগত নির্বাচনে তারা ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন এবং দলীয় প্রার্থীর বিজয়ের জন্য নিরলসভাবে কাজ করেছেন। ভবিষ্যতেও দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে তারা মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
নেত্রীরা তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, নতুন নেতৃত্ব তৈরি, নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। তারা এলাকার বিভিন্ন সমস্যা, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা এবং কৃষকদের নানা বিষয়ও প্রধান অতিথির সামনে তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেন, বিএনপির প্রতিটি আন্দোলন-সংগ্রাম ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং জনগণের আস্থা অর্জনের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।
তিনি বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি যেমন ফ্যামিলি কার্ড, ভিজিডি এবং অন্যান্য সহায়তা কার্যক্রমের সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করতে হবে। কোনো যোগ্য ব্যক্তি যেন বঞ্চিত না হন এবং কোনো অযোগ্য ব্যক্তি যেন সুবিধা না পান, সে বিষয়ে স্থানীয় নেতাকর্মীদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় তিনি কৃষি প্রণোদনা কর্মসূচি নিয়ে আলোচনা করে বলেন, কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিকভাবে সহায়তা দিতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এসব প্রণোদনার সুফল যেন প্রকৃত কৃষকদের কাছে পৌঁছায়, সে বিষয়ে জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের নজরদারি রাখতে হবে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম জনগণের কাছে তুলে ধরারও আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথিরাও তাদের বক্তব্যে মহিলা দলের নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে নারীদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
সভায় জেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিপুল সংখ্যক মহিলা দল নেত্রী ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। শেষে দলীয় কার্যক্রম সম্প্রসারণ এবং জনসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
