বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে ঢাকায় দ্বিতীয় মিয়াওয়াকি আরবান ফরেস্ট উদ্বোধন
বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা সেক্টর-১৭ লেকসাইড এলাকায় দ্বিতীয় মিয়াওয়াকি আরবান ফরেস্ট উদ্বোধন করা হয়েছে। শক্তি ফাউন্ডেশন ফর ডিসএডভান্টেজড উইমেনের উদ্যোগে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর সহযোগিতায় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর সার্বিক সহায়তায় এ বনায়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
মঙ্গলবার (২৮ জুলাই) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শক্তি ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক ইমরান আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দ্রুত নগরায়ণের ফলে রাজধানীতে সবুজের পরিমাণ কমে যাওয়ায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নগর বনায়নের বিকল্প নেই। মিয়াওয়াকি পদ্ধতিতে গড়ে ওঠা এ বনাঞ্চল নগরীর বায়ুদূষণ ও তাপমাত্রা কমানোর পাশাপাশি নাগরিকদের জন্য একটি স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব উন্মুক্ত স্থান হিসেবে গড়ে উঠবে।
প্রধান অতিথির বক্তব্যে রাজউক চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম বলেন, সবুজ, টেকসই ও জলবায়ু-সহনশীল ঢাকা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বনাঞ্চলের দীর্ঘমেয়াদি সংরক্ষণ ও পরিচর্যায় স্থানীয় জনগণ, আর্থিক প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট অংশীজনের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, দ্রুত নগরায়ণের এই সময়ে উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে একসঙ্গে এগিয়ে নিতে হবে। মিয়াওয়াকি আরবান ফরেস্ট সেই বার্তাই বহন করছে।
শক্তি ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক ইমরান আহমেদ বলেন, শুধু গাছ লাগানো নয়, সঠিক পরিচর্যার মাধ্যমেই একটি বন টেকসই হয়ে ওঠে। প্রথম দুই বছর যথাযথ পরিচর্যা নিশ্চিত করা গেলে এই বনাঞ্চল ভবিষ্যৎ প্রজন্মের জন্য মূল্যবান সম্পদে পরিণত হবে।
অনুষ্ঠানে রাজউকের সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ বশিরুল হক ভূঁইয়া, প্রধান প্রকৌশলী (প্রকল্প ও নকশা) মোহাম্মদ মুজাফফর উদ্দিন, প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) মো. আমিনুর রহমান, এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামুন ফারুক, তুরাগ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ সরকারি, বেসরকারি, উন্নয়ন সহযোগী সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ব্যাংকিং খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
২ হাজার ২৮৫ বর্গমিটার আয়তনের এ মিয়াওয়াকি আরবান ফরেস্টে ৯৩ প্রজাতির প্রায় ৬ হাজার ১০০টি দেশীয় ফলজ, ফুলজ ও ঔষধি গাছ রোপণ করা হবে। সংশ্লিষ্টদের মতে, সরকারি, বেসরকারি ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের যৌথ এ উদ্যোগ প্রকৃতি-ভিত্তিক সমাধানের মাধ্যমে জলবায়ু সহনশীল নগর গড়ে তোলার পাশাপাশি নাগরিক জীবনের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
