নেত্রকোনায় সৌর বিদ্যুৎ খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় সভা
প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম নেত্রকোনার উদ্যোগে এবং ক্লিন, বিডাব্লিউজিইডি ও অন্যচিত্র ফাউন্ডেশনের সহায়তায় মঙ্গলবার (২৮ জুলাই) নেত্রকোনা শহরের এআরএফবি (ARFB) হলরুমে ‘সৌর বিদ্যুৎ খাতের বিদ্যমান সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ফেড (ফোরাম ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট) নেত্রকোনা জেলার সদস্যরা অংশ নেন।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় সৌর বিদ্যুৎ খাতের সম্ভাবনাকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা।
তাঁরা বলেন, দেশে সৌর বিদ্যুতের প্রসারের যথেষ্ট সুযোগ থাকলেও নীতিগত সমন্বয়ের ঘাটতি, অর্থায়নের সীমাবদ্ধতা, প্রযুক্তিগত সক্ষমতার অভাব এবং স্থানীয় পর্যায়ে জনসচেতনতার সীমাবদ্ধতা এ খাতের বিকাশে বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। এসব প্রতিবন্ধকতা দূর করে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সভায় অন্যচিত্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই। তিনি বলেন, বাংলাদেশে সৌর বিদ্যুতের সম্ভাবনা ব্যাপক হলেও কার্যকর নীতি বাস্তবায়ন, পর্যাপ্ত বিনিয়োগ এবং জনসম্পৃক্ততার অভাবে এ খাত প্রত্যাশিত গতিতে এগোতে পারছে না। তিনি স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, সহজ অর্থায়ন এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
ফেড নেত্রকোনা জেলার সাধারণ সম্পাদক দিলওয়ার খান বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে সৌর বিদ্যুতের প্রসার সময়ের দাবি। তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সৌর প্রযুক্তি সহজলভ্য করা, স্থানীয় পর্যায়ে দক্ষ মানবসম্পদ তৈরি এবং নবায়নযোগ্য জ্বালানিবান্ধব নীতির কার্যকর বাস্তবায়নের মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করা সম্ভব।
ফেডের সদস্য ও পরিবেশকর্মী নাজিম উদ্দিন আহমেদ বলেন, সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি এর রক্ষণাবেক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং ব্যবহারকারীদের সক্ষমতা বৃদ্ধির বিষয়েও সমান গুরুত্ব দিতে হবে। তিনি নবায়নযোগ্য জ্বালানির প্রসারে তরুণ সমাজ, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং নাগরিক সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় ফেড নেত্রকোনা জেলার সদস্যরা সৌর বিদ্যুৎ খাতের বিভিন্ন সম্ভাবনা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং স্থানীয় পর্যায়ে এ প্রযুক্তির সম্প্রসারণে করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। বক্তারা বলেন, টেকসই উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। এ লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, প্রয়োজনীয় বিনিয়োগ এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।
