নাটোরে মুরগি রক্ষার ফাঁদে প্রাণ গেল বৃদ্ধের
নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটপাড়া গ্রামে মুরগির খামারে শিয়াল, বেজিসহ চোরের উপদ্রব ঠেকাতে খামারের চারপাশে জিআই তার দিয়ে বেড়া দিয়ে তাতে অবৈধ বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখেন খামার মালিক। কিন্তু রাতে ওই খামারের পাশ দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত তারে জড়িয়ে মারা যান সিহাব আলী (৫৫) নামে এক বৃদ্ধ।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে খামারের জিআই তারের সঙ্গে জড়ানো অবস্থায় তাকে পাওয়া যায়।
নিহত বৃদ্ধ একই গ্রামের ছফের প্রামানিকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
নিহতর স্বজন ও স্থানীয়রা জানান, ওই মুরগির খামারের মালিক মহির উদ্দিনের ছেলে আসলাম হোসেন (৫৫)।
সোমবার রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হন সিহাব আলী। সকালে খামার মালিক আসলামের ছেলে রায়হান বৈদ্যুতিক সংযোগ বন্ধ করতে গেলে জিআই তারের সঙ্গে জড়ানো অবস্থায় মৃত সিহাব আলীকে দেখতে পান।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম জানান, মরদেহের ময়না তদন্ত শেষে স্বজনদের হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে সোহান আলী বাদী হয়ে একটি মামলা করেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
