মূল লেখায় যান
সোমবার, ৬ জুলাই ২০২৬, ১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
অন্যান্য

দুই দশক পর ২৭তম বিসিএসের আরো ৭৭ জনকে নিয়োগ

প্রতিবেদক:
দুই দশক পর ২৭তম বিসিএসের আরো ৭৭ জনকে নিয়োগ

দীর্ঘ আইনি লড়াই শেষে ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ আরও ৭৭ জন বঞ্চিত প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (৫ জুলাই) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ২৭তম বিসিএসের ৬৭৩ জন চাকরিপ্রার্থীকে নিয়োগ দেওয়া হয়। পরে চলতি বছরের ১৩ মে আরও ৯৬ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ১৪ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। তবে ওই তারিখের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে নতুন কোনো নির্দেশনা না এলে ১৪ জুলাইকেই তাদের যোগদানের তারিখ হিসেবে গণ্য করা হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট ব্যক্তি চাকরিতে যোগ দিতে অনিচ্ছুক বলে বিবেচিত হবেন এবং তার নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

এছাড়া নিয়োগপ্রাপ্তদের জ্যেষ্ঠতা সংরক্ষণের স্বার্থে তাদের ব্যাচের প্রথম নিয়োগপ্রাপ্তদের যে তারিখে নিয়োগ প্রজ্ঞাপন জারি হয়েছিল, সেই তারিখ থেকে ভূতাপেক্ষভাবে নিয়োগ কার্যকর হবে। একই সঙ্গে ব্যাচের প্রথম নিয়োগপ্রাপ্তদের যোগদানের তারিখ থেকে তাদের ধারণাগত জ্যেষ্ঠতা বজায় থাকবে। তবে এ কারণে তারা কোনো ধরনের বকেয়া আর্থিক সুবিধা পাবেন না।

উল্লেখ্য, গত বছরের ১১ আগস্ট বিসিএসে বঞ্চিত ১ হাজার ১৩৭ জনকে নিয়োগ দিতে হাইকোর্টের রায় দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন আপিল বিভাগ। সেই রায়ের ধারাবাহিকতায় পর্যায়ক্রমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করছে সরকার।