মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Monday, 21 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
21 September 2026
অন্যান্য

মসজিদুল হারামে শেষ আজান, মারা গেলেন মুয়াজ্জিন শেখ ইব্রাহিম

মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদের (মসজিদুল হারাম) মুয়াজ্জিন শেখ ইব্রাহিম আল-মাদানি মারা গেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে তার মৃত্যু হয় বলে জানিয়েছে ‘ইনসাইড দ্য হারামাইন’।

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সোমবার ফজরের প্রথম আজান দিয়েছিলেন শেখ ইব্রাহিম। মসজিদুল হারামে সেটিই ছিল তার জীবনের শেষ আজান।

‘ইনসাইড দ্য হারামাইন’ সামাজিক যোগাযোগমাধ্যমে তার শেষ আজানের ভিডিও প্রকাশ করেছে। সেখানে সোমবার ভোরে তাকে মসজিদুল হারামে আজান দিতে দেখা যায়।

সোমবার আসরের নামাজের পর মসজিদুল হারামেই শেখ ইব্রাহিম আল-মাদানির জানাজা অনুষ্ঠিত হবে। পরে মক্কার আল-মুয়াল্লা কবরস্থানে তাকে দাফন করা হবে।

১৫ বছর বয়সে মুয়াজ্জিনের দায়িত্ব
১৯৭৬ সালে মদিনায় জন্মগ্রহণ করেন শেখ ইব্রাহিম আল-মাদানি। ধর্মীয় পরিবেশে বেড়ে ওঠা এই মুয়াজ্জিনের ওপর তার কোরআনের হাফেজ দাদার গভীর প্রভাব ছিল। তিনি কোরআন বিষয়ে উচ্চশিক্ষাও গ্রহণ করেন।

মাত্র ১৫ বছর বয়সে মদিনার একটি স্থানীয় মসজিদে আজান দেওয়ার মাধ্যমে মুয়াজ্জিন হিসেবে তার যাত্রা শুরু হয়। কলেজে পড়াশোনা শেষ করা পর্যন্ত তিনি কয়েকজন প্রতিবেশী মুয়াজ্জিনের সঙ্গে পালাক্রমে আজান দেওয়ার দায়িত্ব পালন করেন।

পরে মদিনার বাইরে শিক্ষকতার দায়িত্বের কারণে কিছু সময় আজান দেওয়া থেকে বিরত থাকেন। ২০০৭-০৮ সালের দিকে তিনি আবার মদিনার মসজিদ আল-মাদ্দাহতে আজান দেওয়ার দায়িত্ব নেন।

এরপর মসজিদুল হারামে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পান তিনি। ২০১৭-১৮ সালে আনুষ্ঠানিকভাবে তাকে মক্কার গ্র্যান্ড মসজিদের মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দেওয়া হয়।

মদিনায় বেড়ে ওঠার কারণে তার আজানের ধরনে মদিনার ঐতিহ্যবাহী রীতির প্রভাব ছিল। পাশাপাশি বাবার সঙ্গে মক্কা সফরের সময় গ্র্যান্ড মসজিদের সাবেক মুয়াজ্জিন শেখ আবদুল লতিফ মুল্লার কাছ থেকে মক্কার আজানের স্বাতন্ত্র্যপূর্ণ রীতির সঙ্গেও পরিচিত হন তিনি।

সূত্র-khaleejtimes