01 July 2026
ইসির ডাটা এন্ট্রি পদের লিখিত পরীক্ষা ৬ কেন্দ্রে, আসন বিন্যাস প্রকাশ

ডাটা এন্ট্রি পদের লিখিত পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১০ জুলাই অনুষ্ঠিতব্য এ পরীক্ষায় প্রার্থীরা ঢাকার ছয়টি কেন্দ্রে অংশ নেবেন।
বুধবার (১ জুলাই) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার উপ-সচিব ও বিভাগী নির্বাচন কমিটির সদস্য সচিব খোরশেদ আলমের সই করা বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানাগেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষার প্রবেশপত্র এই ওয়েবসাইট হতে ডাউনলোড করা যাবে। সংশ্লিষ্ট প্রার্থীকে User ID এবং Password ব্যবহার করে (প্রযোজ্য ক্ষেত্রে সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষর আপলোড করে) প্রবেশপত্র Download করে রঙিন Print করে নিতে হবে।
প্রবেশপত্র আগামী ৬ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ডাউনলোড করা যাবে। লিখিত পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষার দিন অবশ্যই সঙ্গে আনতে হবে। কারণ যাই হোক না কেন প্রবেশপত্র ব্যতিত কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।
পরীক্ষার্থীকে স্ব-স্ব জাতীয় পরিচয়পত্রের মূলকপি অবশ্যই সাথে আনতে হবে। নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট পূর্বে আসন গ্রহণ করতে হবে এবং পরীক্ষা শুরুর পর কোনো প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোন পরীক্ষার্থী পরীক্ষা কক্ষ ত্যাগ করতে পারবে না।
এছাড়া ব্যাগ, বইপত্র, মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর এবং ইলেক্ট্রনিক কার্ড/ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। হাজিরা তালিকা এবং উত্তরপত্রে পরীক্ষার্থীর স্বাক্ষর আবেদনপত্রের স্বাক্ষরের অনুরূপ হতে হবে। পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও অসদাচরণের কারণে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে বহিষ্কার করা হবে। প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষা সংক্রান্ত তথ্য, আসন বিন্যাস ও ফলাফল নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে (www.ecs.gov.bd) পাওয়া যাবে।
পরীক্ষা হবে ছয়টি প্রতিষ্ঠানে। ৩০০০০০০০৩ থেকে ৩০০০১৪৭৭১ পর্যন্ত রোল নম্বরধারীদের আগারগাঁওয়ের শেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে, ৩০০০১৪৭৯৬ থেকে ৩০০০৩০১২৬ পর্যন্ত রোল নম্বরধারীদের আগারগাঁওয়ের শেরে বাংলানগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে, ৩০০০৩০১৪০ থেকে ৩০০০৪৫০০৭ রোল নম্বরধারীদের সরকারী মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ (গজনবী রোড, কলেজ গেইট, মোহাম্মদপুর, ঢাকা) কেন্দ্রে, ৩০০০৪৫০০৯ থেকে ৩০০০৮১৫৭৩ পর্যন্ত রোল নম্বরধারীদের ঢাকা কলেজ কেন্দ্রে, ৩০০০৮১৫৭৬ থেকে ৩০০১২২২৪২ পর্যন্ত রোল নম্বরধারীদের ইডেন মহিলা কলেজ কেন্দ্রে এবং ৩০০১২২৬৪৮ থেকে ৩০০১৩৯৬৪১ পর্যন্ত রোল নম্বরধারীদের বিসিআইসি কলেজ (চিড়িয়াখানা রোড, মিরপুর) কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেড় পরীক্ষার সকাল চলবে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত।
