মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Monday, 06 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
05 July 2026
অন্যান্য

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

বাংলা একাডেমির সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

রোববার (৫ জুলাই) দুপুরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। তিনি জানান, রোববার দুপুর আড়াইটা থেকে ৩টার মধ্যে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা যান।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের জন্ম ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া গ্রামে। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রায় চার দশক অধ্যাপনা করেছেন এবং বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার আন্দোলন ও প্রচেষ্টায় তিনি ছিলেন অন্যতম সক্রিয় কণ্ঠস্বর। তিনি ‘সুন্দরম’ ও ‘লোকায়ত’ নামে দুটি সাময়িকপত্র সম্পাদনা করেন। পাশাপাশি তার রচিত ও সম্পাদিত অসংখ্য গ্রন্থ বাংলা সাহিত্য ও চিন্তাচর্চাকে সমৃদ্ধ করেছে।

তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে ‘একুশে ফেব্রুয়ারি আন্দোলন’, ‘রাজনীতি দর্শন’, ‘সাহিত্য চিন্তা’ এবং ‘সংস্কৃতির সহজ কথা’। এছাড়া তার রচিত ও সম্পাদিত ২০টিরও বেশি বই প্রকাশিত হয়েছে। সম্পাদিত গ্রন্থগুলোর মধ্যে ‘ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘স্বদেশচিন্তা’ বিশেষভাবে উল্লেখযোগ্য।

সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৭৪ সালে বাংলাদেশ লেখক শিবির পুরস্কার লাভ করেন। এছাড়া ১৯৮১ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন।