হরমুজ প্রণালিই এখন মূল ইস্যু, আড়ালে পারমাণবিক সংকট
ইরানের পারমাণবিক কর্মসূচির চেয়ে এখন মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহন নিরাপত্তাই যুক্তরাষ্ট্রের প্রধান উদ্বেগে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট (RUSI)-এর মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষক মাইকেল স্টিফেন্স।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক অভিযানের পর সৃষ্ট সংকট থেকে বেরিয়ে আসতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো সুস্পষ্ট ও ধারাবাহিক কৌশল দেখা যাচ্ছে না।
স্টিফেন্স বলেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ২০ শতাংশ অতিরিক্ত সারচার্জ আরোপের যে ঘোষণা ট্রাম্প দিয়েছিলেন, পরে সেটি প্রত্যাহার করা হয়। তার মতে, এমন সিদ্ধান্ত বাস্তবসম্মত ছিল না এবং আন্তর্জাতিক আইনের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি বলেন, “এখন এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে ইরান ও যুক্তরাষ্ট্র উভয়েই একে অপরের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ করছে, অথচ দুই পক্ষই নিজেরাও আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে। কেউই অবস্থান থেকে সরে আসতে চাইছে না।”
মাইকেল স্টিফেন্স আরও বলেন, “এই সংকটের শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র কী অর্জন করতে চায়, সেটি এখন আর পরিষ্কার নয়।”
তিনি উল্লেখ করেন, মার্চ মাসে যুক্তরাষ্ট্রের হামলার আগে হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত ছিল এবং লোহিত সাগরের বাব আল-মান্দাব প্রণালি বন্ধের কোনো হুথি হুমকিও ছিল না।
তার ভাষায়, “আমরা এখন এমন সব সংকট নিয়ে আলোচনা করছি, যেগুলোর অস্তিত্ব মার্চের আগে ছিল না। ফলে যে বিষয়টি মূল উদ্বেগ হওয়ার কথা ছিল—ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি—তা এখন জ্বালানি পরিবহন ও সমুদ্রপথের নিরাপত্তা ইস্যুর আড়ালে চলে যাচ্ছে।”
সূত্র: আল জাজিরা
