মূল লেখায় যান
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
অন্যান্য

রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা 

প্রতিবেদক:
রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা 

রাজধানীর সবুজবাগে পূর্বশত্রুতার জেরে পলাশ (৩৬) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সবুজবাগের রাজারবাগ পানির পাম্প এলাকার একটি গলিতে এ ঘটনা ঘটে।

নিহতের বন্ধু মো. হিরা জানান, গুরুতর আহত অবস্থায় পলাশকে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে রাত ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হিরার দাবি, পলাশ সবুজবাগ ৫ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী ছিলেন। তিনি আগে একটি রেন্ট-এ-কার প্রতিষ্ঠানে প্রাইভেটকার চালালেও বর্তমানে বেকার ছিলেন। তার অভিযোগ, এলাকার মাদক কারবারি ও রিকশা চোর হিসেবে পরিচিত রয়েলসহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে পলাশের ওপর হামলা চালায়। এতে তার দুই হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

তিনি আরও জানান, প্রায় এক সপ্তাহ আগে রিকশা চুরির একটি ঘটনাকে কেন্দ্র করে রয়েলের সঙ্গে পলাশের কথা-কাটাকাটি হয়েছিল। সেই বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তাদের ধারণা।

নিহতের বোন জোসনা আক্তার বলেন, তাদের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর গ্রামে। বর্তমানে পলাশ সবুজবাগের মাদারটেক চৌরাস্তা এলাকায় বসবাস করতেন। ছয় মাস আগে তিনি মরিয়ম আক্তারকে বিয়ে করেন। কিছুদিন আগে রয়েল নামে এক ব্যক্তির সঙ্গে তার মারামারির ঘটনাও ঘটেছিল। তিনি এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

এদিকে, সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ হাসপাতালে এসেছে। ঘটনার বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশের একটি দল কাজ করছে। তবে হত্যার কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।