‘আলোচনায় মরিয়া’ ইরান, নতুন হামলার হুমকি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এখন আলোচনায় বসতে ‘মরিয়া’। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ইরানের একটি নতুন পারমাণবিক স্থাপনা শনাক্ত করা হয়েছে এবং প্রয়োজন হলে সেখানে ‘খুব ভারী’ হামলা চালানো হবে। খবর আল জাজিরার।
আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়, টানা দশম রাতের মতো যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান নতুন করে কুয়েত, বাহরাইন ও জর্ডানের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এসব হামলায় কুয়েতের একটি লবণাক্ত পানি বিশুদ্ধকরণ কেন্দ্র এবং কয়েকটি বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং স্থাপনাগুলোর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে।
এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালিতে ‘অনিরাপদ রুট’ ব্যবহার করা দুটি তেলবাহী ট্যাংকারে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
অন্যদিকে, ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধ ঘোষণার কথা জানিয়েছে। তাদের দাবি, এই অবরোধ কার্যকর হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ আরও বিঘ্নিত হতে পারে।
এ ছাড়া, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া সমঝোতার অংশ হিসেবে দক্ষিণ লেবাননের জাওতার আল-গারবিয়েহ শহর থেকে ইসরায়েলি বাহিনী সরে যাওয়ার পর সেখানে সেনা মোতায়েন শুরু করেছে লেবাননের সেনাবাহিনী।
