চট্টগ্রামে দুর্গম পাহাড় থেকে ৪ আগ্নেয়াস্ত্র ও বিপুল দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২
চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক অভিযানে পটিয়া উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে দুই অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ৪টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং মোবাইল ফোন।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম-এর দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে জেলা ডিবি পুলিশের একটি দল শুক্রবার (২৪ জুলাই) পটিয়া থানাধীন কেলিশহর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
জেলা পুলিশ সূত্র জানায়, জেলা ডিবি সদস্যদের হাতে গ্রেপ্তার দুই অস্ত্রধারীর দেওয়া তথ্যের ভিত্তিতে ঐদিন বিকেলে কেলিশহর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইন্নারপাড়া এলাকায় গ্রেফতারকৃত মোঃ দেলোয়ার হোসেনের বসতঘরের খাটের নিচে তল্লাশি চালিয়ে ৬টি কিরিচ, ৫টি রামদা, ১টি দামাদা, ১টি লোহা কাটার এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এরপর একই ইউনিয়নের ছাতিভাঙ্গা আফছারের গাছবাগান এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা ২টি একনলা বন্দুক এবং ২টি দেশীয় তৈরি এলজি উদ্ধার করে জেলা পুলিশ।
প্রাথমিক তদন্তে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রগুলো বিভিন্ন সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল বলে জানান জেলা পুলিশ।
জেলা পুলিশ সুপার জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অস্ত্রের উৎস, সংশ্লিষ্ট সন্ত্রাসী চক্র এবং তাদের সহযোগীদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
