চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কবে পালিত হবে, তা নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১৩ আগস্ট)। ওই সভায় ১৪৪৮ হিজরি সনের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে ঈদে মিলাদুন্নবীর তারিখ চূড়ান্ত করা হবে।
ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এমপি।
বাংলাদেশের আকাশের কোথাও রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
এ ছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছেও চাঁদ দেখা যাওয়ার তথ্য জানানো যাবে। তথ্য জানাতে জাতীয় চাঁদ দেখা কমিটির ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
