ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে
রাজধানীর পরিচিত গ্যাজেট শপ কেআরওয়াই ইন্টারন্যাশনাল (KRY International)-এর বিরুদ্ধে গ্রাহককে নতুন বলে পূর্বে অ্যাক্টিভেটেড এবং ব্যবহৃত ফোন বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। শাহারিয়ার মনির অর্নব নামের এক ক্রেতা প্রতিষ্ঠানটি থেকে একটি মোটোরোলা এজ ৭০ (Motorola Edge 70 – 8/256GB) হ্যান্ডসেট কেনার পর এই প্রতারণার শিকার হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি।
ভুক্তভোগীর তথ্য অনুযায়ী, গত ১৯ আগস্ট ক্রেতা তার মায়ের জন্য কেআরওয়াই ইন্টারন্যাশনাল থেকে মোটোরোলা এজ ৭০ মডেলের ফোনটি ক্রয় করেন। ফোনটির সিল খোলার আগেই তিনি বিক্রয়কর্মীদের কাছে সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছিলেন যে ডিভাইসটি পুরোপুরি ব্র্যান্ড নিউ, ইনট্যাক্ট (inactive) কি না। সেসময় শো-রুমের পক্ষ থেকে তাকে শতভাগ নিশ্চিত করা হয় যে ফোনটি সম্পূর্ণ নতুন এবং এর আগে কখনোই অ্যাক্টিভেট করা হয়নি। তবে বাসায় গিয়ে বক্স খোলার পর; পরের দিন ডিভাইসটি মোটোরোলার অফিশিয়াল ওয়েবসাইটে চেক করে বড় ধরণের অসঙ্গতির প্রমাণ পান ওই ক্রেতা।
ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ফোনটির অ্যাক্টিভেশন তারিখ ছিল ১০ জুলাই ২০২৬ অর্থাৎ ক্রেতা সেটি কেনার প্রায় ৪০ দিন আগেই ফোনটি একবার চালু বা অ্যাক্টিভেট করা হয়েছিল। এরপর ‘DevCheck’ অ্যাপের মাধ্যমে ডিভাইসের ব্যাটারি ইনফরমেশন পরীক্ষা করে দেখা যায়, ব্যাটারির অলরেডি ৭টি চার্জ সাইকেল (charge cycles) সম্পন্ন হয়েছে। অর্থাৎ ডিভাইসটি কেবল বক্সেই রাখা ছিল না, বরং পূর্বে ব্যবহৃতও হয়েছিল।
এই প্রমাণ পাওয়ার পর ক্রেতা তাৎক্ষণিকভাবে কেআরওয়াই ইন্টারন্যাশনালের সঙ্গে যোগাযোগ করেন এবং ফোনটি পরিবর্তনের (replacement) অনুরোধ জানান। কিন্তু কেআরওয়াই ইন্টারন্যাশনালের শো-রুম কর্তৃপক্ষ তার অনুরোধ সম্পূর্ণ প্রত্যাখ্যান করে।
ভুক্তভোগী ক্রেতার অভিযোগ, তাকে শতভাগ ব্র্যান্ড নিউ ও ইনট্যাক্ট মোবাইলের নিশ্চয়তা দিয়ে পুরোনো, পূর্বে অ্যাক্টিভেটেড একটি ফোন ধরিয়ে দেয়া হয়েছে। যেখানে তিনি সম্পূর্ণ নতুন ফোনের দাম পরিশোধ করেছেন, সেখানে তাকে প্রতারণামূলকভাবে ব্যবহৃত বা খোলা ডিভাইস দেয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
