কেরুতে বিএমআরই করা হচ্ছে ঠাকুরগাঁও সুগার মিল: চিনিকল সচল থাকলে বাড়বে কর্মসংস্থান
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান শামছুজ্জামান সুরুজ বলেছেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এটি লাভ-লোকসানের চেয়ে জনস্বার্থকে বেশি গুরুত্ব দেয়। জনগণের স্বার্থে ৩শ টাকা উৎপাদন খরচের চিনি ১২০ থেকে ১২৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁও সুগার মিল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
বিএসএফআইসি চেয়ারম্যান বলেন, করপোরেশনের প্রতিটি চিনিকলের বয়স ৫০ থেকে ৬০ বছর, যার মধ্যে ঠাকুরগাঁও সুগার মিলটি শতবর্ষী। পরিদর্শনে দেখা গেছে, এখানকার বেশিরভাগ যন্ত্রপাতি মান্ধাতা আমলের। ঠাকুরগাঁওসহ সব চিনিকলে বিএমআরই (ব্যালেন্সিং, মডার্নাইজেশন, রিহ্যাবিলিটেশন অ্যান্ড এক্সপ্যানশন) কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
এর ফলে চিনিকলগুলোতে ডিস্টিলারি প্রজেক্ট চালু করা সম্ভব হবে। পাশাপাশি চিনি থেকে উৎপাদিত উপজাত (বাই-প্রোডাক্ট) যেমন—ইথানল, জৈব সার ও বিদ্যুৎ উৎপাদনের মতো প্রকল্প বাস্তবায়ন করা হবে। এতে চিনিকলগুলো লোকসানের হাত থেকে রক্ষা পাবে এবং সচল থাকলে অগণিত মানুষের কর্মসংস্থান হবে। পরিদর্শনকালে তিনি মিলের দুর্বল দিকগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের আশ্বাস দেন।
ক্রমাগত লোকসানে থাকা চিনিকলগুলোকে পুনরুজ্জীবিত করতে করপোরেশনের আওতাধীন মিলগুলো ধারাবাহিকভাবে পরিদর্শন করছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান শামছুজ্জামান সুরুজ। এরই অংশ হিসেবে তিনি ঠাকুরগাঁও সফর করেন।
ঠাকুরগাঁও সুগার মিলের গেস্ট হাউজে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর এবং মহাব্যবস্থাপক (কৃষি) আবু রায়হান।
এ সময় উপস্থিত ছিলেন মিলের মহাব্যবস্থাপক (অর্থ) সাইফুল ইসলাম, মহাব্যবস্থাপক (কারখানা) নুরুল আমিন, মহাব্যবস্থাপক (প্রশাসন) সুভাষ চন্দ্র সিংহ, ডিজিএম (সম্প্রসারণ) তাজিরুল ইসলাম, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি ও ঠাকুরগাঁও চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খাঁন রতনসহ মিলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারীরা।
ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর আশা প্রকাশ করেন, বিএসএফআইসি চেয়ারম্যানের এই সফর ঠাকুরগাঁও সুগার মিলের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।
