শরীয়তপুরে কারাবন্দি আওয়ামী লীগ সমর্থকের মৃত্যু
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জব্বার ওঝা (৬০) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে তার মৃত্যু হয়। নিহত জব্বার ওঝা শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আদম আলী ওঝার ছেলে। তিনি আওয়ামী লীগের সমর্থক ছিলেন বলে জানা গেছে।
জেলা কারাগার সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় জব্বার ওঝাকে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়। শুক্রবার বিকেল ৪টার দিকে হঠাৎ তার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হলে কারা কর্তৃপক্ষ তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর ১টার দিকে তিনি মারা যান।
শরীয়তপুর জেলা কারাগারের জেলার এ জি মাহমুদ বলেন, শুক্রবার বিকেলে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের জন্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহ বর্তমানে ফরিদপুর জেলা কারাগারের হেফাজতে রয়েছে।
