সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ
সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জ কলেজের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সুনামগঞ্জে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ছাতক উপজেলার সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে কয়েক দফায় এই ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কলেজের নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে গোবিন্দগঞ্জ পয়েন্টে মিছিল করে ছাত্রদল ও ছাত্রশিবির। একপর্যায়ে মিছিল দুটি মুখোমুখি অবস্থান করলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে একে অন্যের উপর ইটপাটকেল নিক্ষেপ করে।
এ সময় যানবাহন আটকে সিলেট-সুনামগঞ্জ ও ছাতক সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও গোবিন্দগঞ্জ পয়েন্টে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ছাতক থানার উপ-পরিদর্শক ভক্ত চন্দ্র দত্ত জানান, কলেজের অনুষ্ঠান নিয়ে দুই পক্ষ মিছিল নিয়ে মুখোমুখি হলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও যানবাহন চলাচল স্বাভাবিক করে।
