এবার নতুন নায়িকার সঙ্গে শাকিবের ‘মহব্বত’
আবারও ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণে ফিরছেন ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’খ্যাত পরিচালক হিমেল আশরাফ। তার নতুন সিনেমার নাম ‘মহব্বত’। সিনেমাটি ২০২৭ সালের পবিত্র ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় প্রযোজক আরশাদ আদনানের সঙ্গে হিমেল আশরাফ আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দেন।
‘মহব্বত’ ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা চলছে শাকিব খানের বিপরীতে নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সিনেমাটিতে পাকিস্তানের জনপ্রিয় কোনো অভিনয়শিল্পীকে দেখা যেতে পারে। এ বিষয়ে বেশ কিছুটা অগ্রগতি হয়েছে বলেও জানা গেছে।
নায়িকা হিসেবে পাকিস্তানের হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশানের নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে একাধিক অভিনয়শিল্পীর সঙ্গে প্রাথমিকভাবে কথাবার্তাও চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পাশাপাশি ভারতের দুজন জনপ্রিয় নায়িকার নামও বিবেচনায় রাখা হয়েছে। তবে শেষ পর্যন্ত কার সঙ্গে চুক্তি হচ্ছে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
নায়িকা নির্বাচন নিয়ে আপাতত বিস্তারিত জানাতে চান না পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনান। তারা জানিয়েছেন, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে নায়িকার নাম ঘোষণা করা হবে। ফলে আলোচনায় থাকা নামগুলোর মধ্যে শেষ পর্যন্ত কে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন, তা জানতে দর্শকদের অপেক্ষা করতে হচ্ছে আনুষ্ঠানিক ঘোষণার জন্য।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্র জানিয়েছে, আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে ‘মহব্বত’-এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী শুটিং শেষ করে ২০২৭ সালের মে মাসে ঈদুল আজহা উপলক্ষে সিনেমাটি মুক্তি দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
শাকিব খান, হিমেল আশরাফ ও আরশাদ আদনানের জুটির আগের দুই সিনেমাতেও ভিনদেশি অভিনয়শিল্পীদের দেখা গেছে। তাদের প্রথম সিনেমা ‘প্রিয়তমা’য় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। সিনেমাটির মাধ্যমে বাংলাদেশি দর্শকদের কাছে পরিচিতি পান তিনি। পরে কলকাতার অভিনেতা জিৎ ও দেবের বিপরীতেও অভিনয় করেন ইধিকা।
এই ত্রয়ীর দ্বিতীয় সিনেমা ‘রাজকুমার’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন যুক্তরাষ্ট্রের মডেল ও অভিনেত্রী কোর্টনি কফি। সেই ধারাবাহিকতায় ‘মহব্বত’-এও ভিনদেশি কোনো অভিনয়শিল্পীকে দেখা যেতে পারে। তবে এবার শাকিবের বিপরীতে পাকিস্তানের কোনো জনপ্রিয় নায়িকা থাকছেন কি না, সেটিই এখন দর্শকদের আগ্রহের অন্যতম বিষয়।
