কেরানীগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা করে উধাও স্বামী
ঢাকার কেরানীগঞ্জে বসত ঘরের ভেতর থেকে শাহনাজ বেগম নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। ঘটনার পর থেকে স্বামী আহসানুল্লাহ হাসান পলাতক রয়েছে।
শুক্রবার সকাল দশটার দিকে চুনকুটিয়া কালীবাড়ি এলাকার শাহজাহান হাজির বাসা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত শাহনাজ বেগমের চৌদ্দ বছর বয়সী মেয়ের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গতকাল রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে। এরপর সকালে মেয়ে ঘরের ভেতর প্রবেশ করে দেখে মেঝেতে তার মায়ের গলাকাটা মরদেহ পড়ে রয়েছে। পরবর্তীতে পুলিশের খবর দেয়া হয়।
দক্ষিন কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজহার হোসেন জানান ,ঘটনার পর থেকেই স্বামী আহসানুল্লাহ হাসান পলাতক রয়েছে। ধারণা করা হচ্ছে তিনি স্ত্রীকে গলা কেটে হত্যা করে পালিয়েছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।
