মূল লেখায় যান
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
অন্যান্য

বিএনপি ৫ বছর শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাব: রাশেদ প্রধান

প্রতিবেদক:
বিএনপি ৫ বছর শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাব: রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘আমার দৃষ্টিতে যেটা বুঝি, সেটা হচ্ছে—এই নতুন জালেম বিএনপি। তেলের দাম, গ্যাসের দাম, সিলিন্ডার, সার সংকট, সিন্ডিকেট, দলীয়করণ—এদের অপকর্ম বলে শেষ করা যাবে না। এরা যদি পাঁচ বছর বাংলাদেশে শাসন করে, আমরা দুর্ভিক্ষে মারা যাব।’

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে নওগাঁ শহরের একটি কমিউনিটি সেন্টারে জাগপার জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, ‘আমরা দুর্ভিক্ষে মরার জন্য আসিনি। আমার প্রাণের সংগঠন ইসলামী ছাত্রশিবিরের একটা লাইন আমি ধারণ করি। ওরাও বলে, ওদের সঙ্গে সঙ্গে আমিও বলি। আমরা তো ওই শহীদি তামান্না নিয়ে এসেছি। আমাদের চোখ রাঙানি দেখিয়ে লাভ নেই। বাংলার মাটি আর ভারতের অঙ্গরাজ্য হবে না। বাংলার মাটিতে আর কোনো নতুন স্বৈরতন্ত্রকে আমরা কায়েম হতে দেব না।’

উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, তাঁর দৃষ্টিতে উত্তরবঙ্গ শুরু থেকেই অবহেলিত। রাজশাহী শহর বাদে রাজশাহী বিভাগ এবং পুরো রংপুর বিভাগে উল্লেখযোগ্য উন্নয়ন চোখে পড়ে না। মহাসড়কের কিছু অংশ পাকা হলেই কোনো জেলাকে উন্নত বলা যায় না। এ অঞ্চলের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে হবে।

রাশেদ প্রধান বলেন, ‘এই অঞ্চলের মানুষ হিসেবে আমরা বলতে পারি, আমাদের বিবেককে জাগিয়ে তুলেছিল এই উত্তরবঙ্গ থেকেই আবু সাঈদ। আমরা তো যুগে যুগেই শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি, আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা নতুন করে নামার জন্য প্রস্তুত আছি, শহীদি তামান্না নিয়ে তৈরি আছি। জুলাই যদি আবার নামাতে হয়, তাহলে আমরা আবার নামব।’

তিনি আরও বলেন, ‘আমি একটা জিনিস স্পষ্ট করতে চাই, এই যুদ্ধটা ১১ দলকে ক্ষমতায় নেওয়ার যুদ্ধ নয়। এই যুদ্ধটা জামায়াতকে ক্ষমতায় নেওয়ার যুদ্ধ নয়। এই যুদ্ধটা বাংলাদেশের যুদ্ধ এবং এই যুদ্ধটাতে আমাদের জয়যুক্ত হতেই হবে।’

ক্ষমতার প্রতি নিজের আকাঙ্ক্ষা নেই উল্লেখ করে জাগপার এই মুখপাত্র বলেন, ‘আমার সামনে ক্ষমতা কোনো ফ্যাক্টর না। ওপরে আল্লাহ আছেন। আল্লাহর কসম করে বলতেছি, আমি খালি মরার আগে এইটুকু দেখতে চাই, এই দেশটা পরিপূর্ণ স্বাধীন এবং সার্বভৌম। এই দেশটার এক ইঞ্চির মধ্যেও ভারতীয় আধিপত্য নাই, দেশটার মধ্যে মানবিকতা আছে, ইনসাফ আছে। আমি এটা চাই, আমি ক্ষমতা চাই না। আমি সেই মানুষ।’

নিজেকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না মন্তব্য করে রাশেদ প্রধান বলেন, ‘আমাকে ভয় দেখায়ে লাভ নাই। আমার বাসা যখন হামলা করে নব্য জালেম বিএনপি, আমি তখন ভয় পাই নাই। আমাকে ভয় দেখানো এত সহজ না। আমার মৃত্যু যেই সেকেন্ডে লেখা আছে, আমি সেই সেকেন্ডে মৃত্যুবরণ করব। কেউ আমাকে রক্ষা করতে পারবে না। আর ওই সেকেন্ডের এক সেকেন্ড আগে ইন্ডিয়ানরা, বিএনপি, আওয়ামী লীগ আমাকে মারতে পারবে না, আমি এটা জানি। আর মরব তো একবার।’

জাগপার নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি আ স ম সায়েম, খেলাফত মজলিসের নওগাঁ জেলা সভাপতি রেজাউর রহমান, এবি পার্টির নওগাঁ জেলা আহ্বায়ক কাজী আতিকুর রহমানসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা।